জাতীয় রাজনীতির যাত্রাপথ স্পষ্ট হবে ডাকসু নির্বাচনের মাধ্যমে : মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ডাকসু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলেও বাংলাদেশের ইতিহাসে এর প্রভাব, গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। তাই গোটা দেশের দৃষ্টি আগামীকাল ডাকসু নির্বাচনের দিকে থাকবে। এই নির্বাচনের মাধ্যমে আগামী রাজনীতির চারিত্রিক ও সাংস্কৃতিক যাত্রাপথ স্পষ্ট হবে। আমরা চাই, ডাকসু নির্বাচন আমাদের জন্য একটি মডেল হয়ে থাকুক।

চরমোনাই পির বলেন,  আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, এই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং আনন্দমুখর করতে যা যা করার তাই করুন। শক্ত হাতে প্রশাসন পরিচালনা করুন। গোয়েন্দা তথ্যকে কাজে লাগান। কোনো অবস্থাতেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে তার জন্য পূর্বপ্রস্তুতি নিন।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান, এখানে পড়াশোনা-গবেষণাই মুখ্য হওয়া উচিত। সেই হিসাবে ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করবে বলেই বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।




ডাকসু নির্বাচনে যেভাবে ভোট দেবেন শিক্ষার্থীরা থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট।

চন্দ্রদীপ নিউজ  ..  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবার প্রার্থী আগের তুলনায় বেশি। এ অবস্থায় একজন ভোটারকে সময় নিয়ে ভোট দিতে হবে। একটু ভুলের জন্য ভোট নষ্টও হতে পারে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট।

আর হল সংসদে থাকছে এক পৃষ্ঠার ব্যালট। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে নিজেদের প্রিয় প্রার্থীকে নির্বাচনের সুযোগ পাবেন। আর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতির ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই করতে পারবেন।  মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচনের সুযোগ পাবেন ভোটাররা।

প্রার্থী পদ সংখ্যা 

নির্বাচন কমিশন সূত্র মতে, এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে

ভোট দান পদ্ধতি

ভোট দেওয়ার বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস একটি সচেতনতামূলক ভিডিও চিত্র প্রচার করছে। এতে দেখানো হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রথম বর্ষের শিক্ষার্থী হলে তার লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। অন্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড দেখিয়ে পরিচয় নিশ্চিত করবেন। পরিচয় নিশ্চিতের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা।ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার।এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোট কক্ষে। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার।

 ঘরের বাইরে যাতে দাগ না যায় সে ‍দিকে লক্ষ্য রাখতে হবে 

এরপর পছন্দের প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন ভোটার। খেয়াল রাখতে হবে, ক্রস চিহ্নটি যেন ঘরের বাইরে না যায়। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট বাক্সে ব্যালট পেপার জমা দেবেন ভোটার।কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ভাঁজ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেচভ ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 




একটি সফল ও শান্তিপুর্ন ডাকসু নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু পরিবেশে ভোটের চর্চা হবে: সেনাবাহিনীর প্রত্যাশা

চন্দ্রদ্বীপ ‍নিউজ : ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু পরিবেশে গণতন্ত্র এবং নির্বাচনের চর্চা হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, ‘এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তাদের মঙ্গল কামনা করি।’

আজ সোমবার দুপুরে সেনাসদরের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রত্যাশার কথা জানানো হয়েছে। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ-তে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। এর আগেও সংবাদমাধ্যমে এ বিষয়ে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবু কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যমে কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তবে এগুলো করে তারা খুব একটা সুবিধা করতে পারবে না।




ডাকসু নির্বাচন ঘিরে ২ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল ভোটকে কেন্দ্র করে দুই হাজার ৯৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াট টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য বিশেষায়িত বাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

সোমবার সন্ধ্যায় টিএসসি এলাকায় ডিএমপির অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কমিশনার বলেন, “বহুল আলোচিত এই নির্বাচন ঘিরে গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি কোনো বড় ধরনের অঘটন ঘটবে না।”

তিনি জানান, বর্তমানে ক্যাম্পাস এলাকায় আটটি চেকপোস্ট চালু রয়েছে। মোবাইল পেট্রোল, সিসিটিভি মনিটরিং সেল, ডগ স্কোয়াড, সোয়াট টিম, ডিবি এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স সর্বক্ষণ মাঠে থাকবে। বর্তমানে ১ হাজার ৭৭১ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, যা আগামীকাল বাড়িয়ে ২ হাজার ৯৬ জন করা হবে। এর পাশাপাশি র‌্যাব, বিজিবি ও সাদা পোশাকের ডিবি সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।

ডিএমপি কমিশনার আরও জানান, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের জন্যও অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নেওয়া হয়েছে।

ভোটার ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অবাঞ্ছিত কেউ ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে। যেকোনো ছোটখাটো ঘটনা দ্রুত জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, ভুয়া আইডি কার্ড তৈরির বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং এ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাইবার বুলিং ও গুজব ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমও মনিটর করা হচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ডাকসু নির্বাচনকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ১১ মাসের দীর্ঘ প্রস্তুতি, হাজারো শিক্ষার্থীর আকাঙ্ক্ষা এবং নানা চ্যালেঞ্জ অতিক্রম করে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি এবং ভলান্টিয়ার টিমসহ সবাই মাঠে রয়েছে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

ড. নিয়াজ আহমদ খান বলেন, এবারের ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং গণঅভ্যুত্থানের ঐতিহ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এছাড়া এই নির্বাচন বিভিন্ন অংশীজনকে একত্রিত করেছে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

এবার প্রথমবারের মতো প্রায় ৪০ হাজার শিক্ষার্থী একসঙ্গে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০টি, যেখানে অতীতে ছিল মাত্র ২০০ থেকে ২৫০টি। নির্বাচনের ফলাফল গণনার সময় তা সরাসরি ডিসপ্লেতে দেখানো হবে।

উপাচার্য প্রার্থীদের উদ্দেশে বলেন, ডাকসু নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। জিতে বা হেরে শিক্ষার্থীরা এই প্রক্রিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তবে কোনো প্রার্থী বা নির্বাচনী গোষ্ঠী যদি আইন ভঙ্গ করে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ঢাবি ক্যাম্পাসে ৩৪ ঘণ্টা প্রবেশ সীমিত, শুধুমাত্র বৈধ পরিচয়ধারীরা প্রবেশ করতে পারবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের কারণে ক্যাম্পাসে প্রবেশের সব পথ সাধারণ জনসাধারণের জন্য বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতসহ সব প্রবেশপথ সাধারণ জনসাধারণের জন্য বন্ধ থাকবে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত জরুরি যানবাহন—যেমন অ্যাম্বুল্যান্স, চিকিৎসক ও রোগীর যানবাহন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস—এ সময় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্য সব যানবাহনের প্রবেশ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করা হয়েছে যে, এ সময়ে তাদের অবশ্যই নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। যাদের ক্যাম্পাসে আসার জন্য জরুরি প্রয়োজন, তারা প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে পারবেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ফেসবুক আইডি ডিজেবল ছাত্রদলের আবিদ-হামিম-মায়েদের

চন্দ্রদ্বীপ ‍নিউজ..   ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার।

এর ঠিক আগের দিন ছাত্রদল মনোনীত ভিপি, জিএস ও এজিএসপ্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবল করে দেওয়ার অভিযোগ করা হয়েছে।

প্রথমে আবিদুল ইসলাম খানের আইডি ডিজেবল হয়। সোমবার (০৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি সকালে একবার ডিজেবল করে দেয়ার পর পুনরুদ্ধার করা হয়েছিল। এখন আবারো ডিজেবল করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সজাগ থাকুন। আপনারা পাশে থাকলে, কোন ষড়যন্ত্রই আবিদদের থামাতে পারবে না।’

এরপর শেখ তানভীর বারী হামিমের আইডিও বিকল হয়। তাদের আইডি যাওয়ার বিষয়টা ফেসবুকে জানান তানভীর আল হাদী মায়েদ। এরপর তার আইডিও ডিজেবল হয়ে পড়ে।

এদের মধ্যে হামিম অবশ্য তার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, বারংবার সাইবার এ্যাটাকের মাধ্যমে আইডি ডিজেবলড করা হচ্ছে।প্রিয় ঢাবি শিক্ষার্থীবৃন্দ- আপনাদের কাছে বিচার দিলাম। আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাল্লাহ- দেখা হবে বিজয়ে!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের প্রচারণাকালে কোনো কোনো ক্ষেত্রে অতীতের কর্মকাণ্ড নিয়ে সাইবার বুলিং এবং ব্যক্তিগত চরিত্রহননের চেষ্টা চালানো হচ্ছে। বিশেষত ছাত্রী প্রার্থীদের নিয়েও নানাভাবে সাইবার বুলিংয়ের ঘটনা ঘটছে। যা মানবাধিকার পরিপন্থি।’

সেখানে আরও যোগ করা হয়, ‘কারো বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তাগণ কর্তৃক গঠিত ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স এবং সাইবার নিয়ন্ত্রণ সেলের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। রিটার্নিং কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে সাইবার বুলিং কিংবা অপপ্রচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।’

 




পবিপ্রবিতে ডিগ্রি একীভূতকরণে প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষোভ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)’ এবং ‘বিএসসি ইন অ্যানিমেল হাজবেন্ড্রি’—এই দুটি পৃথক ডিগ্রি একীভূত করে নতুন করে চালু করা হয়েছে ‘বিএসসি ইন ভেট সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’ নামে একটি সম্মিলিত কোর্স।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশে স্বীকৃত ডিগ্রিকে কোনো আলোচনা ছাড়াই বাতিল করা হয়েছে, যা তারা আদালত অবমাননা এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বলে মনে করছেন।

গত রবিবার (৭ সেপ্টেম্বর) অ্যানিমেল হাজবেন্ড্রি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান। তাদের লিফলেটে উল্লেখ করা হয়, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এখনও এ ধরনের একীভূতকরণ হয়নি। বিশেষ করে ডিভিএম শিক্ষার্থীরা সিলেবাসে পরিবর্তনের পক্ষে থাকলেও ডিগ্রির নাম অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, পবিপ্রবির এ সিদ্ধান্ত ধাপে ধাপে অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিলের একটি কৌশল মাত্র।

প্রাক্তন শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থী, সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠন এবং স্টেকহোল্ডারদের মতামত নেওয়া উচিত ছিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে

চন্দ্রদীপ নিউজ,ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনা এবার প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স সাংবাদিকদের প্রদর্শন শেষে সিলগালা করা হবে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় ভোটারদের জন্য কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ বহন করা যাবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এসব পদক্ষেপের ফলে এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

 




নার্সিং কলেজের হোস্টেলে পলেস্তারা খসে ছাত্রী আহত, বিক্ষোভে শিক্ষার্থীরা

বরিশাল নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলে পলেস্তারা খসে পড়ে রিমি আক্তার নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল (শেবাচিম) চত্বরে অবস্থিত নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে। আহত রিমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর রোববার (৭ সেপ্টেম্বর) দিনভর বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে শতভাগ নিরাপদ আবাসন নিশ্চিত করা, গভীর রাতে হোস্টেলে বহিরাগত প্রবেশ বন্ধসহ নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান।

সহপাঠীদের বরাতে জানা যায়, ঘটনার সময় রিমি নিজের কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ ছাদের বিশাল অংশ ভেঙে তার ওপর পড়ে গুরুতর আঘাত লাগে। এরপর সহপাঠীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

শিক্ষার্থী ফজলে রাব্বি বলেন, “নার্সিং কলেজের ছাত্রী হোস্টেলসহ পুরুষ হোস্টেলগুলো দীর্ঘদিন সংস্কারহীন অবস্থায় রয়েছে। ফাটল ধরে পলেস্তারা খসে পড়ছে নিয়মিত। অথচ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, গভীর রাতে হোস্টেল চত্বরে বহিরাগতদের প্রবেশের ঘটনা ঘটছে। এমনকি গরু চরানো ও রাতের বেলায় গরু নেওয়ার জন্য লোকজন ঢুকছে। বিষয়টি একাধিকবার অধ্যক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রবিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তারা হুঁশিয়ারি দেন, নিরাপদ আবাসন ও ক্যাম্পাস নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বরিশাল নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা আক্তার রুমি শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন। তিনি জানান, হোস্টেল সংস্কারের দায়িত্ব গণপূর্ত বিভাগের। আগেও চিঠি দেওয়া হয়েছিল এবং আংশিক সংস্কার হয়েছে। নতুন করে সংস্কারের জন্য আবারও চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি হোস্টেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫