পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ২১০ শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী পৌরসভার ১৩০ বছরে এই প্রথম পৌরসভাধীন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ২১০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ১৫ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

পটুয়াখালী পৌরসভা প্রাঙ্গণে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও শিক্ষাবৃত্তি প্রদান বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী প্রাক্তন কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় মেধাবী শিক্ষার্থী বৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন আরজু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, বাংলাদেশ রেলওয়ের সাবেক অডিটর জেনারেল রাধেশ্যাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক মো. বাবুল হোসেন, অভিভাবক মো. তোফাজ্জেল হোসেন, অভিভাবক মো. আসাদুজ্জানান। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী মেধাবৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্যানেল মেয়র ১, ২, ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহিদা আক্তার পারুল।

আরও বক্তব্য রাখেন কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন, কাউন্সিলর মো. নিজামুল হক, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার, কাউন্সিলর মো. শাহরিয়াহ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. আল আমিন, সামিয়া আক্তার অন্তি, মো. হাসিবুল আহসান ও তানজিলা আক্তার।




শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

চন্দ্রদীপ নিউজ: খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নিবন্ধন না থাকা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদফতরের এক অফিস আদেশে বলা হয়েছে, সাম্প্রতিককালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের (৫+ বছর) মৃত্যুতে তার বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) নেতৃত্বে ১০ জানুয়ারি হাসপাতালটি পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়।

এছাড়া দপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনকালে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা যায় যে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের নিকট নিবন্ধন/লাইসেন্স প্রাপ্তির জন্য কখনোই অনলাইন আবেদন করেনি।

প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনানুগ নিবন্ধন অথবা লাইসেন্স ব্যতিরেকে চিকিৎসা সেবা নির্মাণাধীন ভবনে পরিচালনা করে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থী। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে এ আদেশ জারি করা হলো।

এর আগে এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট করেছেন এক আইনজীবী।




বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে জেদ্দা টাওয়ার

চন্দ্রদীপ ডেস্ক : দুবাইয়ের বুর্জ খলিফা। বিশ্বের দীর্ঘতম ভবন হিসেবে স্বীকৃত। সব মিলিয়ে উচ্চতা ৮২৮ মিটার। একাধিক রেকর্ড তৈরি করেছে এই ভবন। সারা দুনিয়ায় বিখ্যাত হয়ে আছে এই ভবনটি। ২০০৪ সালে এই বিল্ডিংয়ের নির্মাণকাজ শুরু হয়েছিল। এরপর ২০১০ সালে এটা খুলে দেয়া হয়।

তবে সেই সুনাম হয়তো আর থাকছে না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে জানা গেছে, সৌদি আরবে এমন ভবন তৈরি হচ্ছে যে সেটা ছাপিয়ে যেতে পারে বুর্জ খলিফাকেও।

ওই টাওয়ারের নাম জেদ্দা টাওয়ার। তার আরেক নামও রয়েছে কিংডম টাওয়ার। এই টাওয়ারটির উচ্চতা ১ কিমি ৩২৮১ ফুট। জেদ্দা ইকোনমিক কোম্পানি বিল্ডিংয়ে একদিকে যেমন বিলাসবহুল আবাসিক ভবন রয়েছে, অফিস স্পেস রয়েছে সার্ভিস অ্যাপার্টমেন্ট, তেমনি রয়েছে নানা সুযোগ-সংবলিত একাধিক অংশ।

এমনকি এটি বিশ্বের সবচেয়ে উঁচু অবসার্ভেটরি বলে গণ্য করা হচ্ছে। তবে টোকিও বিশ্ববিদ্যালয়ে যে অবজার্ভেটরি রয়েছে সেটা কতটা উচ্চতায় সেটাও অবশ্য মাথায় রাখা হচ্ছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস




লেজ গজিয়েছে বুধ গ্রহের!

চন্দ্রদীপ ডেস্ক: সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্য থেকে বুধ গ্রহের সর্বনিম্ন দূরত্ব ৪৭ মিলিয়ন কিলোমিটার। অন্যদিকে পৃথিবী থেকে সূর্যের সর্বনিম্ন দূরত্ব ১৪৭ মিলিয়ন কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্বের এক তৃতীয়াংশেরও কম দূরত্বে বুধ গ্রহের অবস্থান।

অত্যন্ত কাছাকাছি অবস্থানের ফলে সূর্যের উত্তাপে বুধ গ্রহের তাপমাত্রা দিনের বেলায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। অথচ রাতের বেলায় তাপমাত্রা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড তাপমাত্রার প্রভাবে বুধ গ্রহের স্থায়ী কোন বায়ুমণ্ডল নেই। কিন্তু বুধ গ্রহের উর্ধাকাশে অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম পরমাণুর একটি হালকা গ্যাসীয় আবরণ রয়েছে।

মজার ব্যাপার হলো, বুধ গ্রহ যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন প্রবল সৌরবায়ুর প্রভাবে এই হালকা গ্যাসীয় আবরণটি থেকে সোডিয়াম গ্যাসের একটি দীর্ঘ লেজের সৃষ্টি হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের সময় লাগে ৮৮ দিন। এর মধ্যে ১৬ দিন বুধ গ্রহ সূর্যের কাছাকাছি অবস্থান করে। সৌর পরিক্রমায় কক্ষপথে কোন গ্রহ যখন সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে চলে আসে, তখন তাকে বলে পেরিহেলিয়ন বা অণুসূর।

এই সময় বুধ গ্রহের লেজের দৈর্ঘ্যটি হয় সবচেয়ে বেশি। তখন এই লেজের দৈর্ঘ্য হয় প্রায় ২৪ মিলিয়ন কিলোমিটার।
কিন্তু দীর্ঘ এই লেজটি খালি চোখে দেখা যায় না। বুধ গ্রহের লেজের ছবি তুলতে হলে ক্যামেরায় ন্যানো ব্যান্ডের ফিল্টার ব্যবহার করতে হয়। অ্যাস্ট্রো ফটোগ্রাফাররা এজন্য তাদের ক্যামেরায় ৫৮৯ এনএম ব্যান্ডের বিশেষ ধরনের ফিল্টার ব্যবহার করেন।

এই ফিল্টারে হালকা সোডিয়াম গ্যাসের আলো ধরা পড়ে। এই পদ্ধতিতে ছবি তুললে বুধ গ্রহকে একটি ধুমকেতুর মত দেখায়।
১৯৮০ সালে বিজ্ঞানীরা সর্বপ্রথম বুধ গ্রহের লেজের বিষয়টির পূর্বাভাস দিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে বুধ গ্রহের লেজের ছবি তোলা সম্ভব হয়েছিলো। বর্তমান সময়ে ক্যামেরা প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বব্যাপী অ্যাস্ট্রোফটোগ্রাফাররা বুধ গ্রহের লেজের ছবি তোলার ব্যাপারে মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন।




পিএইচডি ডিগ্রী অর্জন পবিপ্রবি অধ্যাপক অনুপ কুমার মন্ডলের

 

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক অনুপ কুমার মন্ডল পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগ থেকে এ ডিগ্রী অর্জন করেন। বাংলাদেশের সামুদ্রিক মাছের সংগ্রহ ও সরবরাহের উপর গবেষণা করে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

তার গবেষণা কাজের শিরোনাম ছিলো- “বাংলাদেশে সামুদ্রিক মৎস্য সম্পদের আহরণ-পরবর্তী ক্ষতি, সরবরাহ এবং মূল্য চেইন বিশ্লেষণ।”

অধ্যাপক ড. অনুপ কুমার মন্ডল ১৯৮৩ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত মালিখালী গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিপণনে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি ২০১২ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।

বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার ১৯ টি বৈজ্ঞানিক প্রবন্ধ রয়েছে। এছাড়াও তিনি সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) “সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং–২০২৪” এ বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১৭ জন গবেষকদের মাঝে জায়গা করে নেন।




গলাচিপায় ঝুঁকিতে সাড়ে ৫শ শিক্ষার্থী

মো: আল-আমিন (পটুয়াখালী): পেরিয়ে গেছে প্রতিষ্ঠার ২৮ বছর। অথচ এখনো পায়নি সরকারি বরাদ্দের ভবন। ফলে প্রতিষ্ঠাকালীন সময়ের জরাজীর্ণ ভবনেই ঝুঁকি নিয়ে চলছে পটুয়াখালীর গলাচিপার চর আগস্থি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাঠদান।

দীর্ঘ এ সময় সমস্যা সমাধানের আবেদনে মিলেছে শুধুই আশ্বাস। কিন্তু শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়দের প্রত্যাশা শুধু আশ্বাস নয়, নিরবচ্ছিন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুলটির উন্নয়ন করা হোক।

চারদিকে নদী ও সাগরবেষ্টিত পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর আগস্থির শিক্ষার প্রসারে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় চর আগস্থি মাধ্যমিক বিদ্যালয়। গুণগত শিক্ষার মান ধরে রাখায় ১৯৯৯ সালে হয় এমপিওভুক্ত। শুরু থেকেই নিজস্ব ভবনে অপ্রতুল আসবাবপত্রে ছোট কক্ষে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান। এরই মধ্যে বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক হয়ে এখন উচ্চ মাধ্যমিকে উন্নীত হয়েছে। বর্তমানে শিক্ষার্থী ৫২৩ জন। কিন্তু ভবনের আর উন্নতি হয়নি।
২৮ বছরের পুরনো সেই ভবন এখন হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ। দেয়ালের পলেস্তারা খসে গেছে। জীর্ণশীর্ণ হয়ে পড়েছে চালের টিন। বৃষ্টিতে ভিজে যায় শ্রেণিকক্ষ। টিনের চালার ফুটো দিয়ে রোদ লাগে শিক্ষার্থীদের গায়ে। দরজা-জানালা খুলে খুলে পড়ছে। নেই অ্যাকাডেমিক ভবন, পাঠাগার ও বিজ্ঞানাগার । শ্রেণিকক্ষ ও বেঞ্চ সংকট চরমে। দেশের সব বিদ্যালয় আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষার উপকরণ পেলেও এ বিদ্যালয়টি এতে উপেক্ষিত।

বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা জানান, রুমান, সাজিদ, তপ্ত রোদে যেমন চরম গরমে সেদ্ধ হতে হয়। তেমনি বর্ষায় ভিজতে হয়। বিদ্যালয়ে কোনো বিজ্ঞানাগার নেই। তথ্য প্রযুক্তি শিক্ষার জন্য কোনো ল্যাব নেই। পাঠাগার নেই। বেঞ্চ সংকটে গাদাগাদি করে বসতে হয়। অনেক সময় বেঞ্চে বসার সুযোগ না পেয়ে দাঁড়িয়ে করতে হয় ক্লাস।

চর আগস্থি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির বলেন, ভবন শুধু জরাজীর্ণ নয়। চরম ঝুঁকি পূর্ণও হয়ে পড়েছে। প্রতিটি মুহূর্তে আতঙ্ক নিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে। অ্যাকাডেমিক ভবনের জন্য কয়েক দফা আবেদন করেছি। কিন্তু বরাদ্দ পাইনি।

গলাচিপার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেচুর রহমান বলেন, ২০০৭ সালে প্রলয়ঙ্ককরী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টির ভবন মেরামতে সামান্য বরাদ্দ পেলেও মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত এ বিদ্যালয়ের ভাগ্যে জোটেনি কোনো ভবন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রকৌশলসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




কাল সর্বোচ্চ পদ নিয়ে আসছে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি

চন্দ্রদীপ নিউজ : আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হতে যাচ্ছে ৪৬তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি। এই। এতে ক্যাডার ও নন–ক্যাডার পদ নির্দিষ্ট করা হয়েছে। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৪৬তম বিসিএসের চাহিদাপত্র পাঠিয়েছে। এই বিসিএসের পদ নির্দিষ্ট করার বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

পিএসসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয় যেসব পদ পাঠিয়েছে, সেখান থেকে ক্যাডারের ৩ হাজার ১০০ পদ ও নন–ক্যাডারে ৩০০ পদ নির্দিষ্ট করা হচ্ছে, যা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হবে। পিএসসি বলছে, ক্যাডারে ও নন–ক্যাডারে এই পদ মানেই চূড়ান্ত নয়, এটি সরকার বাড়াতে পারে। তাই ক্যাডার ও নন–ক্যাডারের পদ এটাই চূড়ান্ত নয়। ওই সূত্র জানায়, ৪৬তম বিসিএসে আবেদনের বয়স গণনা হবে ১ নভেম্বর থেকে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হবে। তবে কোন ক্যাডারে কতজন নেওয়া হবে, সেটি নির্দিষ্ট করে না বললেও স্বাস্থ্য ক্যাডারে উল্লেখযোগ্য পদে আবেদনের সুযোগ রাখা হবে বলে জানা গেছে। পিএসসি সূত্রটি আরও জানায়, সর্বশেষ ৪৫তম বিসিএস ছিল গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি পদ। এবার ৪৬তম বিসিএসে রেকর্ড হচ্ছে। এটি গত ছয় বিসিএসকে ছাড়িয়ে যাবে। ৪৫তম বিসিএসে প্রথম ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডারের পদও উল্লেখ রেখে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়।

৩৪তম বিসিএসে ২ হাজার ১৫৯ জন, ৩৫তম বিসিএসে ১ হাজার ৮০৩, ৩৬তম বিসিএসে ২ হাজার ১৮০, ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬, ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪, ৪০তম বিসিএসে ১ হাজার ৯২৯ ও ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন, ৪৪তম থেকে ১ হাজার ৭১০ ও সর্বশেষ ৪৫তম থেকে ২ হাজার ৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। ৩৯তম ও ৪২তম বিসিএস দুটি ছিল চিকিৎসকদের জন্য বিশেষ বিসিএস।




ফিলিস্তিনে হত্যা বন্ধে পটুয়াখালীতে শিশুদের মানববন্ধন

মো: আল-আমিন (পটুয়াখালী): ফিলিস্তিনের গাজায় ইসরাইলের শিশু হত্যা বন্ধের প্রতিবাদ জানিয়ে পটুয়াখালীতে মানববন্ধন করেছে স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের শিশু শিক্ষার্থীরা।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় প্রতিষ্ঠানটির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় শিশুদের পাশাপাশি উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জুবায়ের মামুন, সহকারী অধ্যক্ষ অভিজিৎ কর্মকার, শান্তনু দত্তসহ শিশুদের পরিবারের সদস্যরা।

এ সময় তারা অবিলম্বে শিশু হত্যা বন্ধ ও শিশুদের নিরাপদ জীবন নিশ্চিতের দাবি জানায়।




রাঙ্গাবালীতে ১৫ শিক্ষকের নিয়োগ বাতিল চেয়ে আদালতে মামলা

মো: আল-আমিন (পটুয়াখালী): রাঙ্গাবালীতে অধ্যক্ষের স্বাক্ষর জাল করে অস্থায়ীভাবে নিয়োগ পান ১৫ জন শিক্ষক কর্মচারী। এ ঘটনায় অধ্যক্ষ সশরীরে উপস্থিত হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেছেন।

অভিযোগের সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ মে ও ২০ জুলাইয়ের যেকোনো সময়ে খালগোড়ায় অভিযুক্ত কামরুজ্জামানের ভাড়া বাসায় আসামিরা একত্রিত হয়ে অধ্যক্ষের জাল স্বাক্ষরের মাধ্যমে আবেদনপত্র তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দাখিল করেন। চাকরি বিধিমালা ২০১৫ অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে ১৫টি নন ক্যাডার পদে ১১টি স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আবেদন করা হয়। এমনকি অধ্যক্ষর অনুমতি বিহীন সীলমোহর তৈরি করে সিল মারা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সরকারি রাঙ্গাবালী কলেজে ১৫ জনকে অস্থায়ীভাবে রাজস্ব খাতে নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে। এরপর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর অস্থায়ীভাবে রাজস্ব খাতে নিয়োগের অফিস আদেশ জারি করে এবং অধ্যক্ষকে এড়িয়ে তারা যোগদান করেন। যা ২০১৮ সালের চাকরি বিধিমালাবহির্ভূত।

তাদের এহেন বেআইনি যোগদানের জন্য চলতি বছরের ১৫ অক্টোবর অভিযুক্ত শফিকুল ইসলাম অত্র কলেজে আয়ন ব্যয়ন কর্মকর্তা এবং কলেজ সংশ্লিষ্ট যাবতীয় কর্মকাণ্ডের আর্থিক লেনদেন পরিচালনার অফিস আদেশ প্রাপ্ত হন। যা সম্পূর্ণ বেআইনি। অত্র কলেজে উপাধ্যক্ষর পদ না থাকা সত্ত্বেও অভিযুক্ত শফিকুল ইসলাম নিজেকে উপাধ্যক্ষ হিসেবে বিভিন্ন সময়ে পরিচয় দেন এবং এ সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরি করে কলেজের বহু ক্ষতি সাধন করছেন বলে অভিযোগকারী অধ্যক্ষ মু. তারিকুল হাসান জানান।

অধ্যক্ষ মু. তারিকুল হাসান আরো জানান, অভিযুক্ত শফিকুল ইসলাম গত ২৯ অক্টোবর তার অফিস কক্ষে এসে কলেজের পরিচালনা কাজে বাধা দেন এবং শারীরিক লাঞ্ছনার ভয়ভীতি দেখান। যার ফলে তিনি আদালতে বিচার প্রার্থনা জন্য মামলা করতে বাধ্য হন।

এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অধ্যক্ষর স্বাক্ষর জাল করার বিষয়টি সত্য নয় বলে জানান। অধ্যক্ষকে এড়িয়ে যোগদানপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল বন্ধ করে দেন।




প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ১ ডিসেম্বর

চন্দ্রদীপ নিউজ: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার সময়সূচি পিছিয়ে ১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে এই পরীক্ষাটি ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান তুহিন বলেন, ‘প্রথম পর্বে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের জন্য সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত কেন্দ্রগুলোতে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই তিন বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৬০ হাজার ৭০০ জন। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন এবং তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন ৩ লাখ ৪০ হাজারের অধিক প্রার্থী।