কিশোর অপরাধীদের মোকাবিলায় বিশেষ নির্দেশনা প্রধানমন্ত্রীর

চন্দ্রদ্বীপ নিউজ : কিশোর গ্যাং মোকাবিলার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্ষেত্রে প্রথাগতভাবে যেভাবে অপরাধীদের মোকাবেলা করা হয়, সে রকম না করে কিশোর অপরাধীদের ক্ষেত্রে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিতে বলেছেন তিনি। আর এ কাজে অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে যুক্ত হতে বলেন প্রধানমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন যে, কিশোর গ্যাং বা কিশোর অপরাধীদের যখন মোকাবেলা করা হয়, সে ক্ষেত্রে যেন মনে রাখা হয়, তারা ভবিষ্যতের নাগরিক। প্রথাগত অন্য অপরাধীদের সঙ্গে যেন না মিলিয়ে ফেলা হয়। তাদের জন্য বিশেষ কাউন্সিলিয় করার ব্যবস্থা, কিছু প্রশিক্ষণের ব্যবস্থা রাখা- এই ধরনের সুযোগ-সুবিধাগুলোও যেন রাখা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে- এদের (কিশোর অপরাধী) ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ দৃষ্টি দিতে হবে। তাদের যেন দীর্ঘ মেয়াদে অপরাধী বানিয়ে ফেলা না হয়, সংশোধনের সুযোগ যেন থাকে। কারাগারে যেন অন্য আসামিদের সঙ্গে তাদের না রাখা হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প নিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও নির্দেশনা দিয়েছেন তিনি। তারা এ ব্যাপারে কাজ শুরু করবে।

বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র (গাজীপুর, টঙ্গী ও যশোর) রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, এই সংখ্যাটি বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়াও আরও সুযোগ-সুবিধা বাড়াতে বলেছেন, যাতে তারা (কিশোর অপরাধী) সংশোধন হতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন তার স্বাভাবিক গতিতে চলবে। কিন্তু এদের (কিশোর অপরাধী) যখন মোকাবেলা করা হবে তখন যেন মনে রাখা হয়, তাকে যেন আরও অপরাধী না বানিয়ে ফেলা হয়। সংশোধন করার একটি পরিবেশ যেন থাকে।

মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভায় ‘জাতীয় লজিস্টিক্স নীতি ২০২৪’ এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। পণ্য পরিবহনে খরচ ও সময় কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখাসহ বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে দেশের প্রথমবারের মতো এই নীতিমালা করেছে সরকার।

তিনি বলেন, আমদানি-রপ্তানিসহ সামগ্রিক বাণিজ্যে লজিস্টিক্স সহায়তার গুরুত্ব অপরিসীম। মোট খরচের একটি অংশ এখানে হয়। তাই নির্ধারিত সময় বা স্বল্পতম সময়, স্বল্পমতো ব্যয়, পণ্য সরবরাহ ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটি নিশ্চিত করার জন্য সব মন্ত্রণালয়ের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে। কী কী কার্যক্রম গ্রহণ করতে হবে তার দিক নির্দেশনা রয়েছে নতুন এই নীতিমালায়।

খসড়া নীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৬ সদস্যের একটি কাউন্সিল থাকবে। তাতে আটজন মন্ত্রী ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা থাকবেন। এই কাউন্সিল সামগ্রিক দিক-নির্দেশনা দেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সমন্বয় কমিটি থাকবে।

পণ্য পরিবহনের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ধরনের সহায়তার বিষয়ে দিক নির্দেশনার কথা রয়েছে এই নীতিমালায়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভা মনে করে এই নীতি সামগ্রিকভাবে অর্থনীতিতে একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্ত্রিসভার বৈঠকে নাটোরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। ‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়াটি গত বছরের অক্টোবরেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের অভাবে তখন জাতীয় সংসদে সেটি উপস্থাপন করা হয়নি। তাই নিয়ম রক্ষার জন্য এখন আবার এই খসড়াটি নতুন করে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও আজকের বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে চুক্তি করার জন্য দুটি খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।




পবিপ্রবির ভিসি-রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সেকশন অফিসার নিয়োগ বাতিল চেয়ে উপাচার্য ও রেজিস্ট্রারসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শাহানা সুলতানা ও মোসা. হেলেনা বেগম নামের দুজন ভুক্তভোগী। গতো মঙ্গলবার পটুয়াখালী সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়।

মামলায় অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান।

আরো পড়ুন : পটুয়াখালীতে ১ সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫২৩ ডায়রিয়া রোগী

বাদীপক্ষের আইনজীবী হুমায়ূন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাদী (ভুক্তভোগী) আদালতে মামলাটি দায়ের করেছেন এবং আদালত সমন নোটিশ ইস্যু করেছেন।’

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ১৬ নভেম্বর ৩ জনসহ অন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর। সেকশন অফিসার পদের জন্য মুরাদিয়ার বাসিন্দা শাহানা সুলতানা ও দুমকির বাসিন্দা হেলেনা বেগম আবেদন করেন। ২০২৩ সালের ২ নভেম্বর বাদীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সাক্ষাৎকার দেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা পদে বাছাইয়ের জন্য একাধিক কমিটি গঠন করে। যা বিধিবহির্ভূত বলে বিবরণে উল্লেখ করা হয়।

এ ছাড়াও নিয়ম অনুযায়ী নিয়োগ বোর্ড কমিটির চেয়ারম্যান উপাচার্য হওয়ার কথা থাকলেও চেয়ারম্যান হন ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী এবং রেজিস্ট্রার কামরুল ইসলামকে বাদ দিয়ে রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে সদস্যসচিব এবং অধ্যাপক ড. পূর্ণেন্দু বিশ্বাসকে রিজেন্ট বোর্ডের সদস্য করা হয়। পরে ২০২৩ সালের ১, ২, ৪ ও ৭ নভেম্বর নিয়ম বহির্ভূতভাবে দুটি বাছাই বোর্ড কমিটি গঠন করা হয়। কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে শাওন চন্দ্র সামন্ত তনু, উপ-রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের স্ত্রী আয়েশা সিদ্দিকা, পবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি সাইদুর রহমান জুয়েলের ভাই মো. আরিফুর রহমান পিয়েল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের ভাই মো. হাফিজুর রহমান, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের ছেলে তানভীর হাসান স্বাধীন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের স্ত্রী তাকছিনা নাজনীনকে সুপারিশ করে।
গত ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপনের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয় এবং সেকশন অফিসার পদে বিজ্ঞপ্তিতে ৩ জন নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাছাই বোর্ড ৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে। পরে ৩ ডিসেম্বর নিয়োগদের ডাক্তারি পরীক্ষার কথা থাকলেও ওই দিনই তারা যোগদান করেন।

বিবরণে আরও বলা হয়, সেকশন অফিসারসহ বিভিন্ন পদে নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও টাকা লেনদেনের গুঞ্জন রয়েছে। এ প্রক্রিয়ার কারণে মামলার বাদী শাহানা সুলতানা ও মোসা. হেলেনা বেগম উপযুক্ত প্রার্থী হয়েও নিয়োগ বঞ্চিত হয়েছেন। এজাহারে সেকশন অফিসারসহ অন্য পদের নিয়োগ বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানানো হয়।

আরো পড়ুন ; পটুয়াখালীতে ট্রাকচাপায় রিকশাচালক নিহত, আটক চালক-হেলপার

মামলার বিষয়ে জানতে চাইলে পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু বলেন, ‘জানা নেই, এখনো কোনো কাগজপত্র পাইনি।’

এর আগে গত ২৭ ডিসেম্বর পবিপ্রবিতে নিয়ম বহির্ভূতভাবে উপাচার্যের ছেলেসহ ৫৮ জনকে নিয়োগের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। ১৪ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের উপসচিব স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
এর পরিপ্রেক্ষিতে ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে ইউজিসির সচিব ফেরদৌস জামানকে আহ্বায়ক ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম শেখকে সদস্যসচিব এবং অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল আলিমকে সদস্য করা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কমিটি ক্যাম্পাসে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছে বলে জানা গেছে।




২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘রুচিশীল’ নাম দিল সরকার

চন্দ্রদ্বীপ ডেস্ক : শ্রুতিকটু ও নেতিবাচক অর্থ প্রকাশ করে এমন ২৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৩ এপ্রিল) মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, খুলনার কয়রার খাসিটানা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা পাটাচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে ছায়াবিথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জের সিরাজদীখান চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় নাম জ্ঞানপ্রদীপ চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চোরমর্দ্দন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম জমিদারবাড়ি চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাটোরের লালপুর উপজেলার গোদাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সালামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চোরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মাতৃছায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একই উপজেলার চুলধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্ণমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এখানে শ্রুতিকটু ও নেতিবাচক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৯ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ জারি করে মন্ত্রণালয়।

ওই সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে অনেকগুলোর নাম শ্রুতিকটু ও নেতিবাচক ভাবার্থ সম্বলিত। যা শিশুর রুচি, মনন, বোধ ও পরিশীলিতভাবে বেড়ে ওঠার অন্তরায়। এজন্য মন্ত্রণালয় এসব বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মানানসই নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এরকম নেতিবাচক ভাবার্থ সম্বলিত নাম পরিবর্তন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৫টি। এগুলোয় শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১ জন। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন।




পবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য হলেন নোবিপ্রবির অধ্যাপক বাহাদুর

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।

মঙ্গলবার (২ এপ্রিল) পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন : বাউফল, গলাচিপা ও দশমিনা উপজেলা নির্বাচন ২১ মে

বিজ্ঞপ্তিতে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১৮(১) (ছ) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে পরবর্তী তিন বছরের জন্য মনোনয়ন প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত থেকে অধ্যাপক নেওয়াজ তার মতামত প্রদান করবেন।




এইচএসসি পরীক্ষা শুরু ৩০ জুন, সূচি ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন থেকে। আজ মঙ্গলবার এই পরীক্ষার সময়সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো।

সময়সূচি অনুযায়ী বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এই পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। এরপর ব্যবহারির পরীক্ষা শুরু হবে।

এদিকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। অবশ্য বিলম্ব ফি দিয়ে পরেও ফরম পূরণ করার সুযোগ রয়েছে।

জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী, পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।




নন–ক্যাডারে বড় নিয়োগ, পদ ২৫০০ এর বেশি

চন্দ্রদ্বীপ ডেস্ক : অভিজ্ঞ ও অনভিজ্ঞদের জন্য দুটি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। নন–ক্যাডারের এই বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুটি আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েব সাইটে প্রকাশ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তাতে ২৭টি পদ রয়েছে। এগুলো অভিজ্ঞরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন বা চাকরির অভিজ্ঞতাও নেই, বিভিন্ন পদে তাঁদের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে পদ আছে ২ হাজার ৫০০–এর বেশি।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

সিনিয়র কনসালট্যান্ট (এনেস্থেশিয়া), সিস্টেম এনালিস্ট, জুনিয়র কনসালট্যান্ট, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, প্রোগ্রামার সহকারী, প্রোগ্রামার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, সহকারী প্রকৌশলী প্রভৃতি পদে আবেদন আহ্বান করা হয়েছে।

অপর আরেক বিজ্ঞপ্তি অনুসারে নেওয়া হবে যেসব পদে, সেগুলো হলো—সহকারী পরিচালক (প্রশাসন), সহকারি পরিচালক (পরিকল্পনা ও পরিবীক্ষণ), সহকারি পরিচালক (সাধারণ), হাইড্রো মারফোলজিস্ট, হাইড্রলজিস্ট, সহকারি প্রকৌশলী, সহকারি পরিচালক (রিজার্ভার উৎপাদন), সহকারি পরিচালক (মাইনিং), সহকারি পরিচালক (আইসিটি), সহকারি পরিচালক (পিএসসি ও ডিফারেন্স), সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারি পরিচালক টেলিভিশন, প্রকৌশল প্রশিক্ষণ, ইনস্ট্রাক্টর রসায়ন, ও পদার্থ, নেটওয়ার্ক বা ওয়েবসাইট ম্যানেজার পরিসংখ্যান কর্মকর্তা, আইন কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক, উপসহকারী পরিচালক, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কাম প্রটোকল অফিসার (একাডেমি), উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক, ফিল্ম ট্রেইনার ও ব্যক্তিগত কর্মকর্তা।

আবেদন করার বিভিন্ন নিয়ম ও বিজ্ঞপ্তিটি পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতিপদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন জমা দিতে হবে। ফি জমাদানের আগপর্যন্ত আবেদনপত্রে সংশোধনের সুযোগ রয়েছে। প্রার্থীদের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফ্রি সমাধানের পর আবেদনপত্রে আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না।




প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির আবদেন শুরু আজ

চন্দ্রদীপ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের অনলাইন বদলি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একই জেলার বা থানার ভেতর অনলাইন বদলিতে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ মার্চ (শনিবার)।

শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত রেখেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন আবেদন ৩০ মার্চ শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। ২ এপ্রিলের মধ্যে তথ্য যাচাই শেষ করবেন প্রধান শিক্ষকরা। ধাপে ধাপে যাচাই শেষে ১৫ থেকে ১৭ এপ্রিলের মধ্যে বদলি অনুমোদন সম্পন্ন করা হবে।




ছুটিতে হল বন্ধ করায় শিক্ষার্থীদের ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধি :: পবিত্র জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছুটির সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে সব আবাসিক হল। এতে ভোগান্তির শিকার হচ্ছেন আবাসিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জুমাতুল বিদা, শবেকদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ ২৯ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সব শিক্ষা ও প্রশাসনিক বিভাগের অফিস কার্যক্রম বন্ধ কয়েছে। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

এভাবে বিশ্ববিদ্যালয় ছুটির সঙ্গে হল বন্ধ রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, এর ফলে চরম ভোগান্তি পোহাতে হয় দূর-দূরান্তের শিক্ষার্থীদের। এতে একদিকে পড়াশোনার ব্যাঘাত ঘটছে, অন্যদিকে বাড়তি ভাড়া দিতে হচ্ছে যানবাহনে। এ ছাড়া বেশির ভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের হওয়ায় তাঁদের টিউশনি করে চলতে হয়। হল বন্ধ রাখায় দীর্ঘদিন অনুপস্থিতির কারণে টিউশনি হারাতে হয় অনেককে।

আরো পড়ুন : কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত জোড়া কচ্ছপ

শিক্ষার্থী ফাইজুর আলম মঈন বলেন, ‘করোনা-পরবর্তী সময়গুলোতে সেমিস্টার পরীক্ষা ও পড়াশোনার চাপ দুটিই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হলে থেকে এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছি। এই ছুটিতে হল বন্ধ করে দেওয়ায় এখন পড়াশোনার ক্ষতি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘হঠাৎ করে হল বন্ধ ঘোষণা করায় বাধ্য হয়ে আমাকে আমার গ্রামের বাড়ি চলে আসতে হয়েছে। অথচ আমাদের ঈদের ছুটির কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা।’

শিক্ষার্থী মো. ফরহাদ ইসলাম  বলেন, ‘বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ রকম মাঝারি ছুটিতে হল বন্ধ ঘোষণা করা হয় না।’

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক সন্তোষ কুমার বসু বলেন, ‘প্রভোস্ট কাউন্সিল মিটিংয়ের মাধ্যমে আমাদের যে সিদ্ধান্ত জানিয়েছে, আমরা সে অনুযায়ী নোটিশ করেছি।’

এম কেরামত আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফুল বলেন, ‘হল বন্ধেও শিক্ষার্থীরা থাকার আগ্রহ প্রকাশ করে আগে থেকে আবেদন দিলে আমরা বিবেচনা করতাম।
এখন আর সুযোগ নেই।’




১৯ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ১৯ দিনের ছুটিতে যাচ্ছে।

শুক্রবার (২৯ মার্চ) থেকে ১৯ দিনের ছুটি কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত’র অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জুমাতুল বিদা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ২৯ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

আরো পড়ুন : পটুয়াখালীতে স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, ডেকে নিয়ে প্রেমিককে খুন করেন স্বামী

প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২৯ মার্চ বিকাল ৫ টা হতে ১৫ এপ্রিল পর্যন্ত সকল আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং ১৬ এপ্রিল সকাল ৬ টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।

বন্ধকালীন ছাত্র-ছাত্রীদেরকে হলে অবস্থান না করার জন্য নির্দেশ দেয়া হয়। এছাড়াও জররি বিভাগ/ শাখাসমূহ যথারীতি খোলা থাকবে এবং উক্ত বিভাগ/শাখাসমূহে রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।




শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে

চন্দ্রদীপ নিউজ : রমজান মাসে ছুটি কার্যকর রাখতে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আজ মঙ্গলবার এ কথা জানান তিনি।

পবিত্র রমজান মাসে স্কুল খোলা থাকা নিয়ে বিভিন্ন ধরনের প্রচার-অপপ্রচার হয়েছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু এই বছর বিষয়টি সামনে এসেছে। আমরা আগামীতে চেষ্টা করব বছরে ৫২টি শনিবার আছে। সেখানে যদি বিদ্যালয় কিছুটা খোলা রেখে যদি রমজানের ক্ষেত্রে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের অপ্রয়াস যাতে বন্ধ করতে পারি। সে লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করব। যাতে আদালতে গিয়ে গুছিয়ে মিথ্য বলে বিভ্রান্ত করে রায় নিয়ে এসে, সে ধরনের অপচেষ্টা কেউ না করতে পারে। এটা নিয়ে রাস্তায় নেমে মানববন্ধন করতে না পারে; আমরা চেষ্টা করবো। ‘

সংবেদনশীলতার জায়গায় সরকার অবশ্যই শ্রদ্ধাশীল বলেও মন্তব্য করেন মহিবুল হাসান চৌধুরী। বলেন, এসব বিষয় নিয়ে আলেম ওলামাদের সঙ্গেও আলোচনা করব, তাদের একটা অবস্থান আছে এ বিষয়ে। আগামীতে শিক্ষা পরিবার সংবিধানের মূলনীতি, মুক্তিযুদ্ধের চেতনা, যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি সুষম বাংলাদেশ সৃষ্টি করবো আমরা যেখানে পিছিয়ে পড়া মানুষেরও শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

প্রসঙ্গত, শিক্ষার্থীদের শিখন ঘাটতি যাতে না পড়ে সে কারণে ঘণ্টা ঠিক পাঠদান ব্যবস্থা ঠিক রাখতে রমজানের শুরুতে মাত্র কয়েকদিন বিদ্যালয় খোলা রাখায় বিতর্ক হচ্ছে। সেই বিষয়টি মাথায় রেখে শিক্ষা মন্ত্রণালয় বছরের ৫২ দিন শনিবারের ছুটি বাতিলের চিন্তা-ভাবনা শুরু করেছে।