পবিপ্রবির নতুন বাস-শেডে উদ্বোধনের আগেই ফাটল

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে সদ্য নির্মিত টিনের ছাউনিযুক্ত বাস-শেড উদ্বোধনের আগেই একটি অংশে ফাটল ও মেঝের স্ল্যাব ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নির্মাণের মান ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই বাস-শেড নির্মাণের জন্য প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে উদ্বোধনের আগেই স্ল্যাব ভেঙে পড়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। ঘটনাস্থলে ছড়িয়ে থাকা দুর্বল কংক্রিট, খোয়া ও মরিচা ধরা রডের টুকরো নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, নতুন স্থাপনার এমন পরিণতি চরম উদ্বেগজনক। এটি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নির্মাণ প্রকল্পের মান নিয়েও সন্দেহ সৃষ্টি করছে।
ফাটল ও ভাঙচুরের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ল্যাব পুনর্নির্মাণের কাজ শুরু করেছে। ঠিকাদার আব্দুল হালিম জানান, “সাধারণত নির্মাণকাজ শেষ হওয়ার পর ২৭ দিন পর্যন্ত ব্যবহার না করার নির্দেশনা থাকে। কিন্তু ভারী পণ্যবাহী ট্রাক চলাচলের কারণে স্ল্যাবের এক পাশে ক্ষতি হয়েছে।”
নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “শুরুর দিকে কিছু পুরোনো ইট ব্যবহার করা হয়েছিল। তবে অভিযোগ পাওয়ার পর তা বন্ধ করা হয়েছে।”
মনিটরিং কমিটির আহবায়ক অধ্যাপক ড. আহসানুর রেজা বলেন, “নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। কাজ বন্ধ করা হয়েছে। স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত ঠিক করার ব্যবস্থা করা হবে।”
এ ঘটনায় শিক্ষার্থীরা জানিয়েছেন, এই ধরনের নির্মাণ ত্রুটি ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








