পবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবিতে) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

৫ অক্টোবর (শনিবার) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রম শেষে কৃষি অনুষদের কনফারেন্স রুমে শিক্ষকদের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষক হিসেবে রাগ করে নয় শিক্ষার্থীদের বুঝিয়ে, কাউন্সিলিং করে পড়াতে হবে। সবাই ভালো শিক্ষার্থী নয়, যদি একটি ছেলেও আপনার দ্বারা উপকৃত হয় তাহলে আপনার শিক্ষকতা সফল হবে। আপনি আপনার ডিপার্টমেন্টে ভুমিকা রাখেন, আপনার পাবলিকেশনে খেয়াল রাখেন, বিশ্ববিদ্যালয় আপনার মূল্যায়ন করবে।’

আলোচনা সভায় ল্যান্ড ‘ল’ অনুষদের ডিন অধ্যাপক মোঃ আব্দুল লতিফ এর সভাপতিত্বে ও কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আরোও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. সুজাহাঙ্গীর কবীর, সিএসই অনুষদের সাবেক ডিন মো. জামাল হোসেন, কৃষি অনুষদের অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. মো. মহসিন হোসেন, অধ্যাপক ড. মামুন আর রশীদসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা শিক্ষকদের শ্রদ্ধা, সম্মান ও বিভিন্ন সুযোগ সুবিধা সহ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বান্ধব পরিবেশ তৈরি, গবেষণা, উচ্চশিক্ষা, কৃষিতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়নের ভূমিকা রাখার কথা আলোচনা করেন।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার পাশাপাশি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্বের ১০০টি দেশে সকল শিক্ষক সংগঠন গুলো এই দিবসটি পালন করে থাকে। । এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার।”




আব্দুর রশিদ মিয়া কলেজে’র নতুন এডহক কমিটি গঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা বাউফল উপজেলা কাছীপাড়া আঃরশিদ মিয়া ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি হয়েছেন

কাছিপাড়া ইউনিয়নের কৃতি সন্তান বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ভিপি, ডাকসু মিলনাতয়ন সম্পাদক, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জনাব এ এসএম মুনির হোসেন মুনির ও
জনাব মঞ্জুর কাদের সদস্য হয়েছেন ৷

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক ০২.১০.২০২৪ ইং তারিখ স্বাক্ষরিত পত্রে ( স্মারক নং-INSO2-6/00010/2016/1514/3585) বলা হয়েছে – আব্দুর রশিদ মিয়া কলেজের এডহক কমিটির সভাপতি মনোনয়ন দেয়া হলো।

এ এডহক কমিটির মেয়াদ ০১.০৪.২০২৫ ইং তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ এর ৭ নং – ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষন করেন বলে পত্রে উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার।




ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত পবিপ্রবি ভিসি’র

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মতবিনিময় সভায় (মঙ্গলবার) এ সিদ্ধান্তের কথা ঘোষনা করেন।

‘মাদকের বিরুদ্ধে লড়াই’—মন্ত্রে উজ্জীবিত হয়ে পবিপ্রবি তে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদক আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আমরা এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রথমে যারা সফলভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ডোপ টেস্ট করা হবে। শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। যদি কেউ পজিটিভ হন, তাহলে তিনি ভর্তি হতে পারবেন না। শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের বেছে নেয়া হবে এবং তাদেরকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, “আমরা পর্যায়ক্রমে আমাদের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ধীরে ধীরে তাদেরকেও এর আওতায় আনব।”

এ মতবিনিময় সভায় ক্যাম্পাসের বিভিন্ন দাবী-দাওয়া তুলে শিক্ষার্থীরা এবং সেইসাথে দুই ক্যাম্পাসকে একীভূতকরণ জন্য দাবী উঠায়। তবে এ বিষয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতি ভাইস চ্যান্সেলরকে প্রশ্ন করলে তিনি বলেন, ” এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, আমরা তোমাদের সাথে একমত পোষন করলেও রাস্ট্র যদি চায় তাহলেই কেবল সম্ভব। আর এখানে যে ভবণগুলো রয়েছে কোটি টাকার সম্পদ রয়েছে। বর্তমান সরকার এখন যে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর এ অবস্থায় আমরা এই ক্যাম্পাসকে আরো সুন্দর এবং আরো উন্নত করে চাই। ”
এসময় তিনি পবিপ্রবি বহিঃস্থ/বাবুগন্জ ক্যাম্পাস নাম সরিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস হিসেবে ঘোষনা করেন এবং আশ্বাস দেন আগামী অর্থবছরেই সকল সমস্যা দূরীকরণ করা হবে।

এএনএসভিএম অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

সভায় এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফয়সল কবিরের সভাপতিত্বে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মামুনুর রশীদসহ শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন এএনএসভিএম অনুষদের শুভাগমন উপলক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে ভাইস-চ্যান্সেলর এএনএসভিএম অনুষদের প্রশাসনিক, একাডেমিক, ভেটেরিনারি ক্লিনিক, বিভিন্ন হলসহ যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন।




পবিপ্রবি তে হলে মাদক সরবরাহকালে ভিসির হাতে ৩ জন আটক

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হলে মাদক সেবন ও সরবরাহকালে ৩ বহিরাগত যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শের-ই-বাংলা হল-১ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাজমুল, হাসান এবং আবু-বক্কর। পরে তাদের রাতেই দুমকি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হল-১ এ তল্লাশি চালিয়ে বহিরাগত ৩ মাদকসেবীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করেছে পবিপ্রবি নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাতে গাজাসহ তিন জনকে আটক করেছে। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছাই তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন আছে।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। মাদকের বিষয়ে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। এই ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনাবেচা সম্পূর্ণ বন্ধ। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।




সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে ১ম পবিপ্রবি

পটুয়াখালী প্রতিনিধি :: দ্য আর্থ আয়োজিত ইএমকে সেন্টারের অর্থায়নে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশিপ প্রোগ্রামে প্রথম হয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১টা থেকে গ্রিন হরিজন নামক কুয়াকাটা বেজ যুব ক্ষমতায়ন স্টেকহোল্ডার পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহরনমাদ আরাফিন, দ্য আর্থ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়াসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান জিসানের নেতৃত্বে পবিপ্রবি টিম প্রথম স্থান অর্জন করে। বিজয়ী টিম ‘প্লাস্টিকমুক্ত সাগরজল, কুয়াকাটা হবে নির্মল’ স্লোগ্রান সামনে রেখে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কাজ করছে।

বিজয়ী টিমের নেতা তানজিদ হাসান জিসান বলেন, পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে প্রতিদিন প্রায় ২৫ কেজি প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। আমাদের মূল উদ্দেশ্য প্লাস্টিক দূষণ রোধ করে কুয়াকাটাকে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। নির্মল মূলত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করবে। এই প্লাস্টিক বর্জ্য বিক্রির মাধ্যমে প্রাপ্ত আয়ের অংশ অ্যাপের মাধ্যমেই হোটেল ম্যানেজার, প্লাস্টিক ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবীর কাছে পৌঁছে যাবে। আমাদের এ উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।




পবিপ্রবিতে “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক অফিস সহায়কদের দিনব্যাপী কর্মশালা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (পবিপ্রবি) “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” শীর্ষক অফিস সহায়কদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় কৃষি কনফারেন্স কক্ষে আইকিউএসি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুদ।

কর্মশালায় অফিস সহায়ক এবং তৎগ্রেডের প্রায় ৬০ (ষাট) জন কর্মচারী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, প্রত্যেকর জীবনেই প্রশিক্ষণের আবশ্যকতা রয়েছে। প্রশিক্ষণ প্রত্যেকটা মানুষকে কর্মক্ষেত্রে উন্নত করে তোলে। প্রশিক্ষণ কর্মজীবিদের সুপ্ত প্রতিভা বিকশিত করে। আইকিউএসি নিয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পেশাগত দক্ষতা বৃদ্ধি ও কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সকলে যার যার কর্মঘন্টার মধ্যে সামর্থ্যরে সবটুকু দিয়ে কাজ করলে খুব অল্প দিনেই আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে পবিপ্রবি।

ভাইস-চ্যান্সেলর তার বক্তৃতায় আরও বলেন, সহস্রাধিক শহীদের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেজন্য এটা কোনভাবেই ম্লান হতে দিতে পারিনা। তিনি সকলকে যার যার অবস্থান থেকে সততা, ন্যায়পরায়নতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। এছাড়া সর্বত্র ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখারও উদাত্ত আহবান জানিয়েছেন তিনি।




পবিপ্রবির হল পরিদর্শনে নতুন উপাচার্য

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সঙ্গে হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপাচার্য একটি পরিদর্শন টিম নিয়ে আবাসিক হলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন।




২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পবিপ্রবির সকল অনিয়মের বিচার হবে: যোগদান শেষে নতুন ভিসি

চন্দ্রদ্বীপ নিউজ :: ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সংঘটিত সকল অনিয়ম তদন্তে কমিশন গঠন করে সরকারের নিকট জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম।

তিনি আজ সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান পরবর্তী সাংবাদিক সাথে আলাপকালে এ কথা বলেন।

এর আগে সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা ও শিক্ষার মান উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে কাজ করবো। শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টি হলে এখানে কোনো বৈষম্য থাকবে না।

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহীদের মাগফিরাত কামনা ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপাচার্য বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে তা কোনোভাবেই নষ্ট করা যাবেনা। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

১৯তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে ভেটেনারি ডক্টর এন্ড ফিল্ড রিচার্সচার হিসেবে ভিসি রফিকুল ইসলাম কর্মজীবন শুরু করেন এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে তিনি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো-পিজিএফ অর্জন করেন।
২০০৭ সালে ডক্টর রফিকুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা মেডিকেল সেন্টার থেকে ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিং- পিজিটি লাভ করেন। ২০১১ সালে তিনি জাপানের খ্যাতনামা কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শুধু  তাই নয় সর্বোচ্চ কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট পদক লাভ করেন। পরে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ডক্টর রফিকুল ইসলাম এই জাপানের এই বিশ্ববিদ্যালয়েই গ্যাস্ট্রোএন্ট্রারোলজি এবং ফার্মাকোলজি বিভাগে দুই বছর কাজ করেছেন।

পরে তিনি জিএসপিএস পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ২০১৪ সাল পর্যন্ত জাপানের এই কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।

তাঁর গৌরবময় কর্ম-জীবনের স্বীকৃতি হিসেবে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৯টি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।  ১৪টা বিভিন্ন ফেললশিপ, মেধাবৃত্তি পেয়েছেন।

তাঁর ১০৮টা বৈজ্ঞানিক প্রকাশনা দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি কিংবা বক্তা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।




আজ যোগদান করছেন পবিপ্রবি’র নতুন ভিসি রফিকুল ইসলাম

চন্দ্রদ্বীপ নিউজ:  আজ যোগদান করবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়োগ প্রাপ্ত উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলাম।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে গতকাল ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করা রফিকুল ইসলামের রয়েছে শিক্ষা ও পেশাগত জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ার।

২০০৫ সালে তিনি অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো-পিজিএফ অর্জন করেন।

২০০৭ সালে ডক্টর রফিকুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা মেডিকেল সেন্টার থেকে ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিং- পিজিটি লাভ করেন।

২০১১ সালে তিনি জাপানের খ্যাতনামা কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। শুধু তাই নয় সর্বোচ্চ কৃতিত্বের জন্য প্রেসিডেন্ট পদক লাভ করেন।

পরে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ডক্টর রফিকুল ইসলাম এই একই বিশ্ববিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্ট্রারোলজি এবং ফার্মাকোলজি বিভাগে দুই বছর কাজ করেছেন। পরে তিনি জিএসপিএস পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে ২০১৪ সাল পর্যন্ত জাপানের এই কাগাওয়া বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।

১৯তম বিসিএসে লাইভস্টক ক্যাডারে ভেটেনারি ডক্টর এন্ড ফিল্ড রিচার্সচার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর গৌরবময় কর্ম-জীবনের স্বীকৃতি হিসেবে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৯টি সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। ১৪টা বিভিন্ন ফেলোশিপ, মেধাবৃত্তি ও অনুদান পেয়েছেন।

তাঁর ১০৮টা বৈজ্ঞানিক প্রকাশনা দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানে আমন্ত্রিত অতিথি কিংবা বক্তা হিসেবেও তিনি বেশ জনপ্রিয়।




দক্ষিণ বাংলার সন্তান পবিপ্রবির নতুন ভিসি রফিকুল ইসলাম এর পরিচয়

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

তিনি ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর বরিশাল জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী আবদুল খালেক ও মায়ের নাম কাজী রাবেয়া বেগম। তিনি বরিশালের ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি ও সরকারি ব্রজমোহন কলেজ থেকে ১৯৯০ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ থেকে ১৯৯৪ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ও ১৯৯৮ সালে ফার্মাকোলজি বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের কাগওয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একাধিক পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন।

কাজী রফিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগে ২০০২ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পর্যায়ক্রমে তিনি ২০০৪ সালে সহকারী অধ্যাপক, ২০১১ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।