ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিচ্ছিন্ন হচ্ছে রাজধানীর সাত কলেজ

দীর্ঘদিনের উত্তেজনা ও আলোচনা শেষে অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে রাজধানীর সাত কলেজের বিচ্ছেদ নিশ্চিত হলো। সোমবার (২৭ জানুয়ারি) সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
এক প্রেস ব্রিফিংয়ে ঢাবি উপাচার্য বলেন, “ঢাবি-সাত কলেজের অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। সার্বিক বিষয় বিবেচনায় সাত কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই সাত কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে ভর্তি বন্ধ থাকবে।”
বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পৃথক কার্যক্রম: শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করবে।
২. বর্তমান শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত: বর্তমানে ঢাবির অধীনে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।
৩. আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ: পরবর্তী শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ করবে বিশেষজ্ঞ কমিটি।
উল্লেখ্য, ঢাবির অধীনে থাকা সাতটি কলেজ হলো:
ঢাকা কলেজ
ইডেন কলেজ
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
কবি নজরুল সরকারি কলেজ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
সরকারি তিতুমীর কলেজ
মিরপুর সরকারি বাংলা কলেজ
সাত কলেজের অধিভুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে বিরোধ ও আন্দোলন চলছিল। এই কলেজগুলো ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সময়ে অধিভুক্ত হয়। এরপর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাধিকবার এই অধিভুক্তি বাতিলের দাবি তোলে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








