শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির সংঘর্ষ ও মারামারি




পবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনায় উত্তাল ক্যাম্পাস

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা কর্তৃক নারী শিক্ষার্থীকে হেনস্তা এবং বাস ড্রাইভার কর্তৃক শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার পরদিনই শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে পবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় প্রতিবাদ মিছিলটি। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রশাসনের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

প্রতিবাদী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৮ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: কৃষি গুচ্ছ পরীক্ষার দিন কর্মকর্তাদের অসদাচরণের তদন্ত, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাস স্টাফদের হেনস্তা বন্ধ, বহিরাগতদের বাসে যাতায়াতের সুযোগ বন্ধ, টাকার বিনিময়ে সিট বরাদ্দের অভিযোগ, বাসে নিয়মিত শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আসন সংরক্ষণ, এবং ‘ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স’ পদ চালু করা।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী অমিয় জামান বলেন, “আমাদের একজন নারী সহপাঠীকে বিনা কারণে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি শুধু অপমানজনক নয়, বরং একটি ভয়ানক দৃষ্টান্ত। আমরা আর চুপ থাকতে চাই না।”

ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী ফাতেমা জাহান মেঘলা বলেন, “বাসে শিক্ষার্থীদের জন্য আসন না থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে বহিরাগতদের সিট দেওয়া হয়। প্রতিবাদ করলে আমাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়।”

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “তোমাদের সব দাবিই যৌক্তিক। অনেক দিন ধরেই এসব অভিযোগ শুনছি। দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “ঘটনার পরই ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তার নিরাপত্তা ও মানসিক স্বস্তির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়েছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একজন বাস ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ এসেছে। ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে যেন সত্য উঠে আসে, সে জন্য শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (শনিবার) পটুয়াখালী থেকে ক্যাম্পাসমুখী একটি বাসে একজন নারী শিক্ষার্থী ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা কয়েকজন পরীক্ষার্থীকে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠে। একইদিন বাবুগঞ্জ থেকে ক্যাম্পাসমুখী বাসে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন এক বাস চালক। এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পবিপ্রবির অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সাময়িক বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দীনের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের কারণ ব্যাখ্যা করে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ড. বসু পবিপ্রবির উদ্যান তত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন এবং প্রশাসনিক দায়িত্ব পালনকালে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করার সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা পাঁচ হাজার ছাত্রকে হত্যার হুমকি দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এছাড়া, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই ও এনএসআই) প্রতিবেদনের কথা বলে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে চার আগস্ট তাকে প্রক্টর পদ থেকে অপসারণ করা হয়। পরবর্তীতে তাকে রেজিস্ট্রার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবিতে অনিয়ম: ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত, আরও ২৬ জনের বিষয়ে তদন্ত চলছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছয় কর্মকর্তাকে উচ্চ আদালতের নির্দেশে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আরও ২৬ জন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সাময়িক বরখাস্তকালীন সময়ে কোনো বেতন-ভাতা পাবেন না।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—
১. শাওন চন্দ্র সামন্ত তনু (সাবেক উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে)
2. আয়েশা সিদ্দিকা (পবিপ্রবি কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের স্ত্রী)
3. মো. আরিফুর রহমান পিয়েল (পবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি সাইদুর রহমান জুয়েলের ভাই)
4. মো. হাফিজুর রহমান (পবিপ্রবি শাখা ছাত্রলীগের সম্পাদক মেহেদী হাসান তারেকের ভাই)
5. তানভীর হাসান স্বাধীন (দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ছেলে)
6. তাকছিনা নাজনীন (জেলা যুবলীগের সম্পাদকের স্ত্রী)

নিয়োগে অনিয়মের অভিযোগ

তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের ১৬ নভেম্বর ও এর আগের কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯টি পদের বিপরীতে ২০২৩ সালের ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে সেকশন অফিসার পদে যেখানে তিনজন নিয়োগ দেওয়ার কথা ছিল, সেখানে ছয়জনকে সুপারিশ করা হয়। অথচ ২০০৮ সালের ইউজিসি অনুমোদিত অর্গানোগ্রামে বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসারের পদ ছিল ৩০টি, কিন্তু বিভিন্ন সময়ে তা বাড়িয়ে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

হাইকোর্টের রুল ও পরবর্তী পদক্ষেপ

এক চাকরিপ্রত্যাশী শামসুল হুদা রিফাত এ বিষয়ে রিট পিটিশন করলে, ২০২৩ সালের ২৮ আগস্ট হাইকোর্ট নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করে। এরপর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরও ২৬ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বরখাস্ত কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

 

মো:আল-আমিন।




পবিপ্রবির জমির গাছ কাটার অভিযোগে দুইজন গ্রেফতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধিগ্রহণকৃত জমির ৪৪টি গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. বাদল ও বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান আবু রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে পীরতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ মার্চ) সকালে পবিপ্রবি ক্যাম্পাসের খামারবাড়ি সংলগ্ন নির্মাণাধীন ১০ তলা ভবনের পাশে থাকা বিভিন্ন প্রজাতির ৪৪টি গাছ কেটে নিচ্ছিলেন সৈয়দ বাদল ও আবু রায়হান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল মুকিত মিয়া ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় গাছগুলো জব্দ করেন এবং দুমকি থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০২/৩মার্চ ২০২৫)।

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আবু রায়হান নামমাত্র ল্যাব টেকনিশিয়ান হিসেবে চাকরিতে থাকলেও অধিকাংশ সময় উপজেলা পরিষদ ও ভূমি অফিসে অবস্থান করতেন।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম কেন্দ্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে। দীর্ঘ ১৬ বছর পর এভাবে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করা হলো।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুল লতিফ, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্যাম্পাসজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ৯টায় বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। উপাচার্য বলেন,
“দক্ষ জনশক্তি তৈরি, উচ্চশিক্ষার প্রসার এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে আমরা নিরলস কাজ করছি। ভবিষ্যতে পবিপ্রবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবো।”

দুপুরের পর কেন্দ্রীয় খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, হাঁড়িভাঙা, হাঁস-মুরগি দৌড় ও রশি টানাটানির মতো জনপ্রিয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে টিএসসি কনফারেন্স হলে ‘বিশ্ববিদ্যালয়ের অর্জন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, শিক্ষার্থী হল, একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাস সাজানো হয়। প্রবেশপথে তোরণ নির্মাণ, রোড ডিভাইডার ও আইল্যান্ডসমূহ নান্দনিকভাবে সাজানো হয়।

বর্তমানে পবিপ্রবিতে ৮টি অনুষদে প্রায় ৪,২৯৬ শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়ন করছেন। এখানে ২৪৭ জন শিক্ষক, ২২০ জন কর্মকর্তা ও ৪৮৯ জন কর্মচারী কর্মরত আছেন।

উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ৪৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় নতুন একাডেমিক ভবন, হল, মিনি স্টেডিয়াম, আধুনিক ব্যায়ামাগারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। গবেষণায়ও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, ইতোমধ্যে ৮০১টি গবেষণা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

উপাচার্য বলেন,
“আমরা গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দেওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছি। দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে পবিপ্রবি এখন একটি গর্বের নাম।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠান : উপাচার্য

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও জুলাই ৩৬ হলের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক শিক্ষার কেন্দ্র নয়, এটি স্বপ্ন গড়ার প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করে না, বরং নৈতিক, মানবিক ও সমাজ পরিবর্তনের মানসিকতা নিয়েও গড়ে ওঠে।”

উপস্থিত অতিথিরা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন:

  • উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান
  • ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. জিল্লুর রহমান
  • প্রক্টর প্রফেসর ড. আবুল বাশার
  • রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মো. হাবিবুর রহমান
  • রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন
  • এএনএসভিএম অনুষদের ডীন প্রফেসর ড. ফয়সাল কবির
  • পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আতিকুর রহমান

অনুষ্ঠানের অন্যান্য অংশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ৩৬ হলের হল প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম। স্বাগত বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের হল প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পরবর্তী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

রাত ১০টায় জমকালো প্রীতিভোজের মাধ্যমে এই আয়োজন শেষ হয়।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




পবিপ্রবি বাঁধনের নতুন কমিটি ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ইউনিট (বরিশাল জোন), বাঁধনের ২০২৫ সেশনের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে

সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মোহাইমিন আজিম তাসিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফ হাসান। এছাড়া, জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদি হাসান ইমন

পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা

  • সহ-সভাপতি: এন এফ এস অনুষদের আব্দুল্লাহ আল সাজিদ ও এফবিএ অনুষদের পুষ্পিতা রানী কুন্ডু
  • সহ-সাধারণ সম্পাদক: মৎস্যবিজ্ঞান অনুষদের আতিকুর রহমান
  • সাংগঠনিক সম্পাদক: মো. মাজহারুল ইসলাম অনিক
  • সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আরিফুল ইসলাম রিয়াদ
  • কোষাধ্যক্ষ: মো. নজরুল ইসলাম
  • দপ্তর সম্পাদক: তাসনিম ওয়াজেদ দোলা
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: আব্দুল্লাহ মুহসিন তানজিম
  • তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক: মো. সাকিব আল হাসান

কার্যনির্বাহী সদস্যরা

  • মোহাম্মাদ আজমান ইমতিয়াজ মুরাদ
  • সুরাইয়া আক্তার তিন্নি
  • মো. আব্দুস সামাদ
  • মো. মাইনুল ইসলাম
  • সাবরিন ঋতু

নবনির্বাচিত কমিটির নেতারা জানিয়েছেন, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আরও বিস্তৃত করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তারা কাজ করে যাবেন

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




হোস্টেল থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চন্দ্রদ্বীপ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের একটি ছাত্রী হোস্টেল থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের ৮০৩ নং মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়েলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অনিকা জয়পুরহাট সদরের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। বর্তমানে এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী নিবাসে থাকতেন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এলিফ্যান্ট রোডে একটি ছাত্রী হোস্টেলে কয়েকজন মেয়ে মিলে থাকতেন। রাতে ছাত্রী হোস্টেলের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদেরকে জানায়। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় বুয়েটের এক শিক্ষার্থীকে জিজ্ঞাসা করার জন্য থানা পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




পবিপ্রবিতে ‘ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় হাতাহাতি’, আহত ২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভার জন্য বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পবিপ্রবি ক্যাম্পাসে আসেন। তার এই আগমনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই তার সমর্থক দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা যায়, বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল ও মতিউর রহমান দিপুর পক্ষ দাওয়াত পেলেও, আনোয়ার হোসেন হাওলাদারের গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়নি। এতে ক্ষোভ তৈরি হয় এবং একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় এই হাতাহাতির ঘটনা ঘটেছে।”

এদিকে, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “আলতাফ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা হলেও তার দুমকি তথা পবিপ্রবিতে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপির নেতারা কিছুই জানতাম না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম