বরগুনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা, নারী গুরুতর আহত

বরগুনা সদর উপজেলায় একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক নারী গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল দুই বাড়ির সদস্যদের জিম্মি করে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার আমতলার পাড়ে প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা মিজানুর রহমানের স্ত্রী মনিরা সুলতানাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্টিলের আলমারি ভেঙে ছয় থেকে সাত ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে।
ডাকাতির সময় মনিরা সুলতানা বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করা হয়। এছাড়াও আঙুলের আংটি খুলতে দেরি হওয়ায় আঙুলেও আঘাত করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা আহত অবস্থায় তাকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মনিরা সুলতানা জানান, ডাকাতির সময় তিনি ঘরে একাই ছিলেন।
একই রাতে সদর উপজেলার বদরখালি ইউনিয়নের কুমড়াখালি গ্রামে দীপক হাওলাদারের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মারধর করেন। এরপর তারা আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম ঘটনা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








