ভোলা থেকে ঢাকায় তারেক রহমানকে স্বাগত জানাতে লক্ষাধিক বিএনপি নেতা-কর্মী লঞ্চযাত্রা

ভোলা, নাগরিক অনলাইন: দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ভোলা জেলা থেকে ঢাকায় বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করছেন। জেলা বিএনপি জানিয়েছে, ভোলার ৭ উপজেলার নেতা-কর্মীরা আজ (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ১০টি লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম জানান, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে ভোলা সদর উপজেলা থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাত্রা করবেন। জেলার অন্যান্য উপজেলারও বিপুলসংখ্যক নেতা-কর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

মঙ্গলবার থেকে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম চলছিল। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলও পৃথকভাবে ঢাকায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছে।

মনপুরা ও চরফ্যাসন উপজেলা থেকে রওনা দিতে তিনটি লঞ্চ ব্যবস্থা করেছেন ভোলা-৪ আসনের কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মনপুরা উপজেলার রামেনওয়াজ ঘাট থেকে এমভি ফারহান-৮ এবং চরফ্যাসনের বেতুয়া ও ঘোষের হাট থেকে এমভি জাকির সম্রাট-৪ ও এমভি শাহরুখ-২ লঞ্চ ঢাকায় যাত্রা করবে।

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান হাওলাদার জানান, “ইতিহাসের অংশ হতে চরফ্যাসন ও মনপুরা উপজেলার ১০ হাজারের বেশি নেতা-কর্মী লঞ্চযোগে ঢাকার পথে। এই যাত্রা নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।”

স্থানীয় নেতা-কর্মীরা বলেন, নেতা তারেক রহমান আসছে—এবারের যাত্রায় সকলে স্বতঃস্ফূর্তভাবে ঢাকায় উপস্থিত হওয়ার জন্য উত্তেজিত ও উৎসাহী। অনেকে নিজ উদ্যোগে বাস যোগে বা তজুমুদ্দিন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, কারণ বরাদ্দকৃত লঞ্চে জায়গার সমস্যা হতে পারে বলে ধারণা করছেন তারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে উগ্র সাম্প্রদায়িক আগ্রাসন ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

বরিশাল, ব্যুরো চীফ: গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি, নির্বাচন বানচাল, সকল রাজনৈতিক হত্যার বিচার, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলার বিচার এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন বন্ধের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লিগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জলিলুর রহমান, গণনাট্য সংস্থার বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ আজিজ খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার আহবায়ক নয়ন সরকার জয়।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচার হয়নি, খুনিরা ভারতে পালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছে। ভালুকায় শ্রমিক দীপুকে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যা করা হচ্ছে। এসব খুনিদের এখনও গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় নির্বাচনী অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, এসব ঘটনার সাথে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সরকারি প্রশ্রয় ছাড়া এসব সম্ভব নয়।

বক্তারা অবিলম্বে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত, সকল রাজনৈতিক হত্যার বিচার, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা প্রতিরোধ এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন বন্ধের দাবি জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আনন্দ মিছিল অনুষ্ঠিত

বরিশাল, ব্যুরো চীফ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা উল্লাস প্রকাশ করেন এবং নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

মিছিলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের স্বপ্ন পূরণের দিন। এই দিনে তারেক রহমান দেশে ফিরছেন এবং তাই সবাই আনন্দিত। তারা আরও জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে সকলে সক্রিয়ভাবে কাজ করবেন।

আনন্দ মিছিলের শেষে অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে সাংবাদিকের অনশন ও প্রতিবাদ কর্মসূচি: কাফনের কাপড়ে বিষের বোতল হাতে

বরিশাল, ব্যুরো চীফ: পুলিশ নির্যাতনের অভিযোগ তুলে বরিশালের এশিয়ান টিভির ব্যুরো প্রধান সাংবাদিক ফিরোজ মোস্তফা বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তিনি শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে এই কর্মসূচি চালান।

ফিরোজ মোস্তফা দাবি করেন, কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলাম সাঈদ ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুম গত ছয় মাস ধরে তাকে জুলুম, নির্যাতন ও ব্ল্যাকমেইলের শিকার করছেন। অভিযুক্তরা তার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে ছবি নেয়ার পর ব্ল্যাকমেইল শুরু করে এবং নভেম্বর মাসে তাকে মারধর করে তিনদিন আটক রাখে।

তিনি আরও জানান, ৮ ডিসেম্বর তাদের অফিসে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ মালামাল নেয়ার পাশাপাশি তার ব্যক্তিগত ডিভাইস ও অফিসের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। মোবাইল, ল্যাপটপ, পাসপোর্ট, এনআইডি ও রেডিও লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ মালামাল এখনও ফেরত পাননি। সোশ্যাল মিডিয়ার সব আইডি অভিযুক্তরা ব্যবহার করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম সাংবাদিকের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেষ পর্যন্ত, পুলিশের কর্মকর্তা ও সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে বেলা একটার দিকে ফিরোজ মোস্তফা তার কর্মসূচি প্রত্যাহার করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

বরিশাল, ব্যুরো চীফ: বরিশালের আগৈলঝাড়া থানায় পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন বুধবার (২৪ ডিসেম্বর) জানান, মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলা শ্রমিক লীগের সদস্য ও বাকাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আসাদুজ্জামান খলিফা, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান এবং বাগধা ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক আজিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




হিজলা ও মেহেন্দীগঞ্জে বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হলো

বরিশাল, ব্যুরো চীফ: জাটকা সংরক্ষণের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলার তেঁতুলিয়া ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাসকাটা নদীতে মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ রাক্ষুসী বেহুন্দী মাছ এবং একটি চরঘেরা জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম এবং মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা মৎস্য অফিসার ওমর সানি।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, জনস্বার্থ ও সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নদীতে জাটকা সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার রোধের জন্য প্রশাসন সম্পূর্ণ সচেষ্ট।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে রাতের আঁধারে সীমানা প্রাচীর গুড়িয়ে দেওয়ার অভিযোগ

বরিশাল, ব্যুরো চীফ: বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা হামলা চালিয়ে একটি বাড়ির সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে। হামলার সময় বাড়ির সদস্যদের জিম্মি করা হয় এবং বাধা দিলে ইটপাটকেল নিক্ষেপসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

জমির মালিক আব্দুল মজিদ হাওলাদারের ছেলে ও স্থানীয় বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার জানিয়েছেন, হামলার সময় পরিবারের সদস্যরা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এবং মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মোস্তফা হাওলাদার বলেন, ২০০১ সালে তারা ক্রয়সূত্রে ৫২ শতক জমির মালিক হন এবং ২০০৪ সালে এলাকার জনগণের চলাচলের সুবিধার্থে তিন শতক জমি ক্রয় করে রাস্তা নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করেন। বাড়ির চারপাশে অনুমতি নিয়ে ২০১২ সালে আরসিসি পিলার ও পাকা সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।

তিনি আরও অভিযোগ করেছেন, প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মধ্যরাত পর্যন্ত তাদের সম্পত্তি দখলের চেষ্টা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে ১১ জনকে নামোল্লেখসহ আরও ১২ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে কমিউনিটি ভিত্তিক ন্যায়বিচার প্রকল্পের অবহিতকরণ সভা

বরিশাল, ব্যুরো চীফ: কমিউনিটিভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে অংশীজনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেন্ডার ন্যায্যতাভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের বাস্তবায়নে বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন বেসরকারী সংস্থা এইডের নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র বাড়ৈ, সমবায় কর্মকর্তা আফসানা শাখী এবং প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির।

সভায় বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা প্রমুখ।

নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রামার মো. আবু নাসের সঞ্চালনায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও দিক নিয়ে আলোচনা করেন প্রকল্প কো-অর্ডিনেটর লাকী আক্তার এবং আঞ্চলিক সমন্বয়কারী সুপ্রিয় দত্ত। সভায় বিভিন্ন ইউনিয়নের প্রায় ৬০ জন অংশীজন অংশগ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার: তালতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া

বরগুনার তালতলী উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি-ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

সোনাকাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা স্টার্ট নেটওয়ার্ক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী–এর যৌথ সহযোগিতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষা বিভাগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন সোনাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়ের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. টিপু সুলতান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আল আমিন, তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. তহিদুজ্জামান এবং জাগোনারীর পরিচালক ডিউক ইভনে আমিন

মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস গ্রহণ ও সতর্ক সংকেত প্রচার, ঝুঁকিপূর্ণ জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের বাস্তবধর্মী অনুশীলন প্রদর্শন করা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকা দুর্যোগপ্রবণ হওয়ায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলায় জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত জরুরি। দুর্যোগের আগে করণীয় জানা থাকলে জানমাল রক্ষা করা সম্ভব এবং ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। তাই স্থানীয় পর্যায়ে নিয়মিত এ ধরনের মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার হলে উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি পাবে।

জাগোনারী কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় তারা নিয়মিতভাবে দুর্যোগ প্রস্তুতি, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সার–কীটনাশকের মূল্যবৃদ্ধিতে চাপে বরগুনার আলু চাষিরা

বরগুনা জেলায় চলতি মৌসুমে আলু চাষ করে লোকসানের আশঙ্কায় পড়েছেন শত শত কৃষক। সার, কীটনাশক ও প্রয়োজনীয় ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত বীজ সংকট এবং জেলায় হিমাগার না থাকায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরগুনা বরিশাল বিভাগের মধ্যে আলু উৎপাদনে তৃতীয় অবস্থানে রয়েছে। চলতি বছর জেলায় ৯৪৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র ৫৭০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। বাকি ৩৭৫ হেক্টর জমিতে এখনো আবাদ হয়নি।

উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী—
বরগুনা সদর উপজেলায় ১২০, পাথরঘাটায় ৫৬২, বামনায় ৪২, বেতাগীতে ১৩২, আমতলীতে ১৯ এবং তালতলীতে ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবছর জেলায় মোট আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ হাজার ৬২৫ মেট্রিক টন।

 মাঠ পর্যায়ের বাস্তব চিত্র

সরেজমিনে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের বিভিন্ন খেত ঘুরে দেখা যায়, নারী ও পুরুষ কৃষকরা বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন। পুরুষরা জমি প্রস্তুত করছেন আর নারীরা বীজ বপনের কাজ করছেন। তবে অধিকাংশ কৃষকের অভিযোগ—সঠিক সময়ে বীজ পাওয়া যায়নি এবং সার–কীটনাশক কিনতে হচ্ছে অতিরিক্ত দামে।

কৃষকদের অভিযোগ

কালমেঘা ইউনিয়নের কৃষক সুলতান ফকির জানান, তিন একর জমিতে আলু চাষ করলেও সরকারি কোনো সহায়তা পাননি। স্থানীয় ডিলারদের কাছ থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নারী কৃষক হেনারা বেগম বলেন, সার সংকটের কারণে সময়মতো বীজ বপন করা সম্ভব হয়নি। গত বছর এক একর জমিতে আলু চাষ করে প্রায় ৭০ হাজার টাকা লোকসান হয়েছিল। এবারও একই শঙ্কা কাজ করছে।

আরেক কৃষক মো. মুসা অভিযোগ করে বলেন, সিন্ডিকেটের কারণে সময়মতো সার ও বীজ পাওয়া যায় না। কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে উপস্থিতি না থাকায় বাধ্য হয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পরামর্শে চাষ করতে হচ্ছে।

হিমাগার না থাকায় বাড়তি দুশ্চিন্তা

জেলায় কোনো হিমাগার না থাকায় উৎপাদিত আলু সংরক্ষণ নিয়েও শঙ্কিত কৃষকরা। তাদের মতে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাজারে দাম কমে গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়।

কৃষি বিভাগের বক্তব্য

কৃষকদের অভিযোগের বিষয়ে বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস জানান, জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি বিভাগ কাজ করছে। হিমাগার নির্মাণে আগ্রহী উদ্যোক্তারা এগিয়ে এলে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বা কীটনাশক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫