বেহাল বেতাগী–মির্জাগঞ্জ সড়ক: দুর্ঘটনা ঠেকাতে মাঝরাস্তায় কলাগাছ

বেতাগী–মির্জাগঞ্জ সড়কের ভয়াবহ বেহাল অবস্থায় চরম ঝুঁকিতে পড়েছে যাতায়াত ব্যবস্থা। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় বাধ্য হয়ে সড়কের মাঝখানেই কলাগাছ রোপণ করে সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বরগুনার বেতাগী উপজেলার ২৫ নম্বর বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের মাঝখানে একটি কলাগাছ দাঁড়িয়ে আছে। রাস্তার ওই অংশে বড় ধরনের দেবে যাওয়া ও খানাখন্দ তৈরি হওয়ায় যানবাহনগুলো দুই পাশ ঘেঁষে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ থেকে ২০ দিন ধরে সড়কের এই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। রাস্তার মাঝখান দেবে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যা দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। এতে অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছে। রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকাবাসী জানান, বেতাগী–মির্জাগঞ্জ সড়কটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়ক। প্রতিদিন হাজারো মানুষ এই পথ ব্যবহার করেন। শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই সড়ক। অথচ দীর্ঘদিন ধরেই সড়কটির রক্ষণাবেক্ষণ না থাকায় এমন নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশাচালক অভিযোগ করে বলেন, প্রভাবশালী গাছ ব্যবসায়ী মোতালেব প্যাদা ও শিবু দীর্ঘদিন ধরে সড়কের ওপর অবৈধভাবে ভারী ট্রাকে গাছ লোড ও আনলোড করছেন। ভারী ট্রাকের লাগাতার ওঠানামার কারণেই রাস্তার মাঝখান ও দুই পাশ ভেঙে পড়ে বর্তমান ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে নিজেরাই উদ্যোগ নিয়ে সড়কের মাঝখানে কলাগাছ রোপণ করে চালকদের সতর্ক করছেন।
এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কার ও অবৈধভাবে ভারী যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫










