বরিশালে কুকুর ও বিড়ালের কামড়ের ভ্যাকসিনের সংকট, সাধারণ মানুষ চরম ভোগান্তিতে

বরিশালে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের জন্য জরুরি র্যাবিশ ভ্যাকসিনের সরবরাহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাধারণ মানুষ ও তাদের স্বজনরা চরম ভোগান্তির মুখোমুখি হয়েছেন।
বরিশাল সদর হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতরা চিকিৎসার জন্য ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। অনেকে বাইরে থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন, যা নিম্ন আয়ের মানুষদের জন্য প্রায় অসম্ভব।
এক রোগীর স্বজন বলেন, “আমার শিশুকে কুকুর কামড় দিয়েছে। হাসপাতালে এসে শুনি ভ্যাকসিন নেই। বাইরে কিনতে বলেছে, কিন্তু দাম অনেক বেশি। এখন কী করবো বুঝতে পারছি না।”
চিকিৎসকদের মতে, র্যাবিশ একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, যার প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের সংকট জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।
বরিশালের সিভিল সার্জন মঞ্জুর-ই-এলাহী জানান, “বাংলাদেশে ভ্যাকসিনের অভাব আছে, তবে খুব অল্প সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে। বরিশাল সদর হাসপাতালে প্রতিদিন প্রায় শতাধিক রোগী কুকুর বা বিড়ালের কামড়ে চিকিৎসা নিতে আসে। ভ্যাকসিন না থাকায় অনেকেই নিরুপায় হয়ে ফিরে যাচ্ছে।”
এদিকে সচেতন মহল দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন, অন্যথায় র্যাবিশ সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫








