তারেক রহমানের জনসভায় ঝালকাঠি থেকে ২৫ হাজার নেতাকর্মীর ঢল

বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন জনসভাকে ঘিরে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এই জনসভায় অংশ নিতে ঝালকাঠি জেলা থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি বিএনপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় নেতারা বলেন, দীর্ঘ প্রায় দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশালে জনসভায় অংশ নিতে যাচ্ছেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এই জনসভাকে কেন্দ্র করে ঝালকাঠিসহ আশপাশের জেলাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। সভা পরিচালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী ২৬ জানুয়ারি বরিশালে তারেক রহমানের জনসভা হবে বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক। এই সমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। জেলা থেকে নদীপথে লঞ্চ এবং সড়কপথে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করা হয়েছে, যাতে নেতাকর্মীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে বরিশালে পৌঁছাতে পারেন।

তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। বরিশালের জনসভা সেই আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভা শেষে নেতাকর্মীরা জনসভা সফল করতে মাঠপর্যায়ে কাজ জোরদারের অঙ্গীকার করেন এবং ঝালকাঠি থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গৌরনদীতে প্রচারণায় উত্তেজনা, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে গৌরনদীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার দাবি করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার শরিকল বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শাহ আলম ফকির, আনিস ফকির ও কামাল। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান অভিযোগ করে বলেন, শুক্রবার জুমার নামাজের আগে শরিকল বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ চলাকালে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এ সময় তার কর্মীদের কাছ থেকে লিফলেট ছিনিয়ে নেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই গৌরনদী মডেল থানায় অভিযোগ জানাতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আনা হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির একটি খবর তারা পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এ ধরনের সহিংসতার ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা ও নির্বাচন আয়োজনের দাবিতে সচেতন মহল প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কারাগার থেকেও ভোট, পটুয়াখালীতে ১৭ বন্দির নিবন্ধন সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন পটুয়াখালী জেলা কারাগারের বিভিন্ন মামলায় আটক ১৭ জন বন্দি। ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) পদ্ধতির আওতায় তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। ইতোমধ্যে এসব বন্দির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পটুয়াখালী জেলা কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া জানান, নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা বন্দিদের আবেদন যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় নিবন্ধন কার্যক্রম শেষ করা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, নিবন্ধন সম্পন্ন করা ১৭ জনই পুরুষ বন্দি। এ তালিকায় কোনো নারী বন্দি নেই। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পটুয়াখালী জেলা কারাগারে মোট বন্দির সংখ্যা ছিল ৬৫০ জন। এর মধ্যে সীমিতসংখ্যক বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার আগ্রহ দেখান।

সূত্র জানায়, কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কোনো বন্দি আবেদন করার পর যদি ভোট গ্রহণের আগেই জামিনে মুক্তি পান, তাহলে তিনি আর বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। এই শর্তের কারণেই অনেক বন্দি আবেদন করতে আগ্রহী হননি বলে জানায় কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগারের জেলার মো. আব্দুর রব মিয়া বলেন, যারা ভোট দিতে চেয়েছেন, তাদের প্রত্যেকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের সময় কারাগারের ভেতরে পূর্ণ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করা হবে। বন্দিরা নিজেরাই ব্যালটে ভোট দেবেন এবং গোপনীয়তা বজায় রেখে নিজের হাতে ব্যালট প্যাকেট করবেন। কেউ জানতে পারবে না তারা কোন প্রতীকে ভোট দিয়েছেন।

তিনি আরও জানান, ভোট প্রদান শেষে ব্যালট প্যাকেটগুলো ডাক বিভাগের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

পোস্টাল ভোটিং এমন একটি পদ্ধতি, যেখানে ভোটার সরাসরি ভোটকেন্দ্রে উপস্থিত না হয়েও ডাকযোগে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে কারাবন্দিরাও দেশের গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন, যা নির্বাচন ব্যবস্থায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক চর্চাকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




দুদক অভিযানের পর গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে রহস্যজনক আগুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের মাত্র ২৪ দিনের মাথায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর রাতে হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোররুমে আগুন লাগে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্টোররুমে সংরক্ষিত বেডশিট, কম্বল, বিভিন্ন ধরনের ওষুধ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চিকিৎসা সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন জানান, ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহায়তায় যোগ দেয়। অতিরিক্ত ধোঁয়ার কারণে স্টোররুমে সরাসরি প্রবেশ সম্ভব না হওয়ায় জানালার কাচ ভেঙে পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরোপুরি আগুন নির্বাপণে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

অগ্নিকাণ্ডের সময় নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ভর্তি রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানির কারণে হাসপাতালের বিভিন্ন কক্ষে পানি জমে যায়। ফলে সকাল থেকে আউটডোর সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয়, যা দুপুরের দিকে স্বাভাবিক হয়। ক্ষতিগ্রস্ত মালামাল সরিয়ে নিতে গলাচিপা পৌরসভার পক্ষ থেকে সহায়তা করতে দেখা গেছে।

ঘটনার খবর পেয়ে ভোরেই হাসপাতালে ছুটে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, স্টোররুমে সংরক্ষিত অনেক গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে সাময়িক প্রভাব পড়তে পারে।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ও দুটি পাম্প নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। আগুনের উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আলাদা তদন্ত হতে পারে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাঁরা ক্ষতিগ্রস্ত স্টোররুম ও হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, লিনেন সামগ্রীর একটি কক্ষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনায় একটি মাল্টি-ডিসিপ্লিনারি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখে বিস্তারিত প্রতিবেদন দেবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২৯ ডিসেম্বর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে হাসপাতালের স্টোর রেজিস্ট্রারে ওষুধ মজুদের তথ্য ও বাস্তব সরবরাহের মধ্যে গরমিল পাওয়া যায়। প্রয়োজনীয় অনেক ওষুধ মজুদ থাকলেও রোগীদের দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ উঠে। পাশাপাশি খাবারের মান, কর্মচারীদের হাজিরা এবং সামগ্রিক সেবা ব্যবস্থায় অনিয়মের নানা প্রমাণ পায় দুদক।

পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক মো. আবদুল লতিফ হাওলাদারের নেতৃত্বে ওই অভিযানে উপসহকারী পরিচালক খালিদ হোসাইন উপস্থিত ছিলেন। তখন দুদক জানায়, হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

দুদকের সেই অভিযানের মাত্র ২৪ দিনের মাথায় সংশ্লিষ্ট স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোটে অংশগ্রহণ বাড়াতে পটুয়াখালীতে ইমাম সম্মেলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে এই প্রথম পটুয়াখালীতে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল আসন্ন নির্বাচন ও গণভোটে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং ভোটাধিকার প্রয়োগে ধর্মীয় নেতৃত্বের ইতিবাচক ভূমিকা তুলে ধরা। আয়োজকরা জানান, ধর্মীয় নেতারা সমাজে প্রভাবশালী হওয়ায় তাদের মাধ্যমে ভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব।

পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। ধর্মীয় নেতারা যদি মানুষকে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করেন, তাহলে ভোটার উপস্থিতি বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ। তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত থাকবে। একই সঙ্গে তিনি ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা শান্তি, সহনশীলতা ও আইন মেনে চলার বার্তা জনগণের মধ্যে ছড়িয়ে দেন।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার স্থানীয় সরকার ও প্রশাসক (উপসচিব) জুয়েল রানা। তিনি বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। ধর্মীয় নেতৃবৃন্দ যদি সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে ভোটকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

সম্মেলনে বক্তারা একযোগে বলেন, ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ন্যায়, সত্য ও শান্তির পক্ষে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে তারা সাধারণ মানুষকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচন ও গণভোট চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা পরিহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের মতে, এই ইমাম সম্মেলনের মাধ্যমে পটুয়াখালী জেলায় নির্বাচন ও গণভোটকে ঘিরে একটি ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং ভোটারদের মধ্যে আগ্রহ বাড়বে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




আগামী নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: মেজর হাফিজ

আওয়ামী লীগের টানা ১৬ বছরে দেশের মানুষ নির্বাচনের নামে প্রহসনের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে প্রকৃত অর্থে গণতন্ত্র ফেরানোর একটি বড় সুযোগ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ অবাধ ও নিরাপদ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। যারা বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে পারবে, সেই দলের যোগ্য প্রার্থীকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে। আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ—যেখানে সবাই শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।

মেজর হাফিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি নীরব কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান এনসিপি নেত্রীর

জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। দলীয় সিদ্ধান্তের আলোকে তিনি জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়েছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন,
“আলহামদুলিল্লাহ, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন ও আমার পাশে থাকতে চেয়েছেন, তাদের কাছে অনুরোধ—আমার ভাই ড. ফয়জুল হকের পাশে থাকুন।”

এরপর একই দিন রাতে তিনি আরেকটি পোস্টে সরাসরি দাঁড়িপাল্লায় ভোট চান। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ড. ফয়জুল হককে সঙ্গে নিয়ে ১০ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে রাজাপুরে পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডা. মাহমুদা মিতু লেখেন,
“ইনশাআল্লাহ আগামীকাল (২১ জানুয়ারি) বিকেল ৪টায় কাঁঠালিয়ায় থাকব। এখান থেকেই আমাদের ১০ দলীয় জোটের কার্যক্রম শুরু হলো। ঝালকাঠি-১ আসনের মাটিতে ইনসাফ প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই। আর ঢাকা-১১ আসনে শাপলা কলিতে ভোট চাই। পুরো বাংলাদেশে এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের জয় হবে ইনশাআল্লাহ।”

এনসিপি নেত্রীর এ ঘোষণার পর ঝালকাঠি-১ আসনে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




অপরাধ না করা আ.লীগ নেতাকর্মীদের নিরাপত্তা সরকারের দায়িত্ব: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল সদর-বাকেরগঞ্জ আসনে দলটির মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী কোনো অপরাধে জড়িত নন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারা যাকে ইচ্ছা তাকেই ভোট দেওয়ার অধিকার রাখেন।

বুধবার (২১ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী প্রতীক গ্রহণের পর দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম অভিযোগ করে বলেন, অনেক ক্ষেত্রে আসামি না হলেও যাকে-তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বিগত সময়ে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী ১২ ফেব্রুয়ারি যেন মানুষ নিরাপত্তার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়ে। কালো টাকা ও দখলদারিত্বের ব্যবহার যাতে না হয়, সেদিকেও নজর দিতে হবে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কাউকে হয়রানি করা যাবে না। হয়রানি চলতে থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন করে কোনো জোটে যাওয়ার সুযোগ দেখছে না। তবে যদি শরিয়াভিত্তিক কোরআন ও সুন্নাহর আলোকে আইন প্রণয়নের সুযোগ তৈরি হয়, তখন পরিস্থিতি বিবেচনা করা হবে।

তিনি বলেন, “আমাদের এক সময়ের জোটের মূল থিম ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। কিন্তু পরে দেখা গেল তারা ইসলামের নীতি থেকে সরে গেছে। তাই ইসলামী আন্দোলন জোট ছেড়েছে। এখন ইসলামের পক্ষে হাতপাখার একটি বাক্স রয়েছে।”

জামায়াতের সঙ্গে জোটগতভাবে ভোট না করার কথা জানিয়ে তিনি বলেন, এককভাবেই মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইনসাফের বাংলাদেশ গড়তে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়েরসহ দলটির জেলা ও মহানগরের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




উন্নয়ন কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউপি সদস্যের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোহসিন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহসিন বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন। তিনি বয়া গ্রামের মো. শাহবুদ্দিন মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মো. মহিউদ্দিন আহম্মদ জানান, সকালে মোহসিন নিজ ওয়ার্ডের একটি লোহার সেতু (লোহারপুল) মেরামতের কাজ পরিদর্শনে যান। এ সময় অসাবধানতাবশত ওয়েলডিং মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহিন হোসাইন বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

এদিকে মোহসিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাঈদ। তিনি বলেন, “মোহসিন একজন সৎ, পরিশ্রমী ও জনবান্ধব জনপ্রতিনিধি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বলদিয়া ইউনিয়ন পরিষদ একজন দক্ষ ও দায়িত্বশীল সদস্যকে হারাল।”

একজন জনপ্রতিনিধির এভাবে কর্মস্থলে প্রাণ হারানোতে এলাকায় ব্যাপক শোক ও আলোড়নের সৃষ্টি হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গণভোটের আইনি ভিত্তি নেই: মেজর (অব.) হাফিজ

গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী জনগণের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে এবং যেভাবে গণভোটের প্রচার চালানো হচ্ছে, তাতে নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকায় মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। অথচ সংবিধান সংশোধনের এখতিয়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের। এখানে ঢাকার একটি এলিট গোষ্ঠী জনগণের ওপর বিষয়টি চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনো এ ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। শুরুতে বিএনপি এতে রাজি ছিল না। কিন্তু বিএনপি রাজি না হলে নির্বাচনই হবে না—এমন পরিস্থিতি তৈরি হয়। তাই বাস্তবতার প্রেক্ষিতে বিএনপি জুলাই সনদে সই করেছে।

তিনি আরও বলেন, আমরা কিছুটা বাধ্য হয়েই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি। এরপর নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে। পৃথিবীর কিছু দেশে নির্দিষ্ট কিছু বিষয় পরিবর্তনের জন্য গণভোটের বিধান রয়েছে, তবে সেসব ক্ষেত্রেও তা আসে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই।

হাফিজ উদ্দিন বলেন, রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়—এমন একটি গোষ্ঠী হঠাৎ ক্ষমতার কেন্দ্রে বসে গণভোটের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এই গণভোটের আইনগত ভিত্তি নেই, তবে একটি নৈতিক ভিত্তি রয়েছে। যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানকে সমর্থন করি, সে কারণে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাবো।

অনুষ্ঠানে লালমোহন মদন মোহন মন্দির কমিটির সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫