সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু, বাড়ানো হয়েছে সময়; সারাদেশে কঠোর নিরাপত্তা

Views: 2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মোট নয় ঘণ্টা। তবে নির্ধারিত সময়ের পরও কোনো কেন্দ্রের ভেতরে ভোটার উপস্থিত থাকলে ভোট শেষ না হওয়া পর্যন্ত গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে জাতীয় নির্বাচনগুলো সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট ঘণ্টা চলত। এবার একইদিনে গণভোট আয়োজনের কারণে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে।

সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করছেন সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিসাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিসাইডিং অফিসার দুই লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

ভোটাররা দুটি পৃথক ব্যালটে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং গোলাপি ব্যালটটি গণভোটের জন্য নির্ধারিত।

গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়। একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোট বাতিল হওয়ায় এবার ভোট হচ্ছে ২৯৯টি আসনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬০টি। কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি দল। ২৯৯ আসনে মোট প্রার্থী দুই হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮১ জন।

এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।

৩৫ বছরের কম বয়সী ভোটারের সংখ্যা চার কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার দুই কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন। এ বয়সসীমায় পুরুষ এক কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২ জন, নারী ৯৪ লাখ ৯০ হাজার ২২১ জন এবং তৃতীয় লিঙ্গের ৪০৮ জন।
২৫ থেকে ৩৫ বছর বয়সী ভোটার রয়েছেন এক কোটি ৭৮ লাখ এক হাজার ৩০ জন। এদের মধ্যে পুরুষ এক কোটি ৪১ লাখ এক হাজার ৯০ জন, নারী ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ৫৬৭ জন।

নিরাপত্তা ব্যবস্থায় এবার প্রথমবারের মতো ইউএভি, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। দায়িত্ব পালনে নিয়োগ দেওয়া হয়েছে দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া ৮১টি দেশীয় নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণে রয়েছেন।

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তির ব্যবহারসহ নানা প্রস্তুতির মধ্য দিয়ে দেশজুড়ে চলছে ভোটগ্রহণ। এখন অপেক্ষা ফল ঘোষণার।

 

আল-আমিন
image_pdfimage_print

Posted on: February 12, 2026 | Author: Chandradip News24