আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার কোনো ধরনের শিথিলতা দেখাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এবারের নির্বাচন এমন একটি মানদণ্ড স্থাপন করবে, যা শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে।
রোববার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ফ্যাসিবাদের দোসর, সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং সমাজবিরোধী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ভোটের আগে অন্তত চার দিন নিবিড় টহল কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি জানান, চরাঞ্চল ও দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টহল আরও বাড়ানো হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। নির্বাচনের পরিবেশ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের দিন এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
নির্বাচন ব্যবস্থাপনায় সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রিটার্নিং অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশন, জেলা ও উপজেলা প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পুলিশ, সশস্ত্র বাহিনী, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড এবং বিচারিক ও ভ্রাম্যমাণ আদালত—সবাইকে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে ‘সমন্বিত কার্যক্রমে’ কাজ করতে হবে। এই সমন্বয়ের ক্ষেত্রে কোনো ধরনের গ্যাপ, অবহেলা, ত্রুটি বা দ্বন্দ্ব বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আত্মসম্মান বজায় রেখে সব প্রতিকূলতা মোকাবিলা করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইজিপি বাহারুল, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রে বডি ওয়ার্ন ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মাধ্যমে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ-২০২৬’ ব্যবহার করা হবে। তিনি বলেন, অতীতে দুর্গাপূজায় এই অ্যাপ ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে, তাই এবারও কেউ অপতৎপরতার চেষ্টা করলে ছাড় পাবে না।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





