চন্দ্রদ্বীপ নিউজ: আজ শুক্রবার ভোর চারটায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন –
রাষ্ট্রকে পুনর্গঠন ও মেরামত করতে হলে সব ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ—সবাই হাজার বছর ধরে এ দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে।
আড়াইহাজারের এই মাঠে সিলেট জেলা থেকে শুরু করা নির্বাচনী সমাবেশের শেষ ছিল এটি।
তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ভালো একটি পরিবর্তন চায়, একটি নিরাপদ রাষ্ট্র চায়, যেখানে সবাই নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও চলাচল করতে পারবে।
আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে জনগণ ভোট দেওয়ার সুযোগ পাননি। আন্দোলন-সংগ্রাম ও শহীদদের ত্যাগের মাধ্যমে ফিরে পাওয়া ভোটাধিকার আগামী ১২ ফেব্রুয়ারি সঠিকভাবে ব্যবহার করতে হবে।
জনসভায় তারেক রহমান বলেন, ভোটের আগে একটি বাহিনী, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি ও মুঠোফোন নম্বর সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। প্রবাসীদের ব্যালট দখল করে নিয়েছে।বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘তাদের সঙ্গে গত ১৫ বছরের নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনের কোনো পার্থক্য আছে? তাদের সঙ্গে ওদের কোনো পার্থক্য নেই। দুজন একই গ্রুপের। একজন ষড়যন্ত্র করে ভোট নিতে চায় এবং আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা, এটার ব্যাপারে সজাগ থাকতে হবে।’
বিএনপি ক্ষমতায় এলে লাখ লাখ বেকার তরুণ ও যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে প্রতিশ্রুতি দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘শুধু গার্মেন্টসশিল্প দিয়ে হবে? নতুন নতুন শিল্প স্থাপন করতে হবে। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’





