আবাসন ও সেমিকন্ডাক্টরে নামছে এসিআই

Views: 20

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন দুই খাতে ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। ব্যবসায় বৈচিত্র্য আনা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে আবাসন এবং সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগের উদ্যোগ নিচ্ছে কোম্পানিটি। এই লক্ষ্য বাস্তবায়নে দুটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে।

এসিআইয়ের পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় নতুন এই ব্যবসা শুরুর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। পরে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়। নতুন সহযোগী প্রতিষ্ঠান দুটি হলো এসিআই প্রপার্টিজ লিমিটেড এবং এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেড। এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমেই নতুন ব্যবসাগুলো পরিচালিত হবে।

তথ্য অনুযায়ী, এসিআই প্রপার্টিজ লিমিটেডের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি টাকা এবং প্রাথমিকভাবে পরিশোধিত মূলধন থাকবে ১০ কোটি টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের ৮৫ শতাংশ মালিকানা থাকবে মূল কোম্পানি এসিআই পিএলসির হাতে। দেশের আবাসন খাত ধীরে ধীরে বড় বাজারে পরিণত হওয়ায় এই খাতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা ও ঢাকার বাইরেও আবাসন ব্যবসার চাহিদা বাড়ছে, ফলে ব্র্যান্ডভিত্তিক আবাসন প্রতিষ্ঠানের জন্য সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছে কোম্পানি সংশ্লিষ্টরা।

অন্যদিকে, এসিআই সেমিকন্ডাক্টর লিমিটেডও একই কাঠামোয় গঠিত হবে। এ প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এখানেও এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ। প্রযুক্তিনির্ভর বিশ্বে সেমিকন্ডাক্টরের গুরুত্ব দ্রুত বাড়ছে। স্মার্টফোন, ইন্টারনেট ডিভাইস, গাড়ি, গৃহস্থালি ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে আধুনিক শিল্পের প্রায় সব ক্ষেত্রেই সেমিকন্ডাক্টরের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।

বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারের আকার কয়েকশ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং এই বাজার আরও সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশে এখনো এই খাতে বড় পরিসরে বিনিয়োগ শুরু না হলেও ধীরে ধীরে দেশীয় উদ্যোক্তারা এগিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় এসিআইয়ের মতো বড় শিল্পগোষ্ঠীর এই খাতে প্রবেশকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, এসিআই গ্রুপ বর্তমানে ওষুধ, কৃষি, ভোগ্যপণ্য, অটোমোবাইল, সুপারশপ, স্বাস্থ্যসেবা ও এভিয়েশনসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করছে। দেশে ও বিদেশে মিলিয়ে এসিআই গ্রুপের অধীনে রয়েছে একাধিক কোম্পানি এবং যৌথ বিনিয়োগের মাধ্যমেও তারা বিভিন্ন শিল্পে যুক্ত আছে। নতুন এই দুই সহযোগী প্রতিষ্ঠান চালুর মাধ্যমে এসিআইয়ের ব্যবসায়িক পরিধি আরও বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: January 18, 2026 | Author: Chandradip News24