ঝালকাঠি বিএনপির দুর্গে আঘাত হানতে প্রস্তুত জামায়াত ও ‘ইসলামী জোট’

Views: 22

সবুজ মাঠ, গাছগাছালি, নদী-নালা, খাল-বিল, অপার সৌন্দর্যমণ্ডিত পরিপাটি জেলা ঝালকাঠি। জেলার দুটি আসনেই বিএনপির ধানের শীষের ভোট বেশি। জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকবার জনগণের ভোটেও তা প্রমাণ হয়েছে। তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দুর্গে আঘাত হানতে প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামীসহ ইসলামী জোটবদ্ধ দলগুলো। তাই বিএনপির ভোটব্যাংকখ্যাত এ জনপদে একক আধিপত্য শেষ পর্যন্ত থাকবে কি না তা নিয়ে সন্দিহান এলাকার ভোটাররা। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা দলগুলো সমন্বয় করে প্রার্থী দেবে এমন গুঞ্জন ছড়িয়েছে চারদিকে।

ইসলামী দলগুলোর সমন্বয়ে প্রার্থী ঘোষণা করা হলে ভোটের মাঠে বিএনপি মনোনীত প্রার্থীরা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলার চারটি উপজেলা নিয়ে দুটি সংসদীয় আসন গঠিত হয়েছে। উভয় আসনেই বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দেড় ডজনের বেশি। বিপরীতে জামায়াত দিয়েছে একক প্রার্থী। তবে সেটাও চূড়ান্ত নয় বলে দলীয় সূত্রে জানা গেছে। ভোটের মাঠে লড়ার জন্য চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে অন্য দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা শেষ হওয়ার পর। এরপর তুলনা করা যাবে কার চেয়ে কে বেশি জনপ্রিয়তায় শক্তিশালী ও ভোটের মাঠে প্রভাব কার বেশি থাকবে।
ঝালকাঠি-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) ॥ রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তৎপর আছেন বিএনপির আট নেতা। তারা সবাই দলের মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে বেশি আলোচনায় আছেন ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ও নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।

এছাড়া জাতীয়তাবাদী গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রফিক হাওলাদার, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সহসভাপতি ও রাজাপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ড. জাকারিয়া লিংকন এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমানও প্রচারের মাঠে সরব রয়েছেন।
তারা সবাই নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি ও সক্ষমতার জানান দিচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করছেন। এলাকায় ব্যাপক সাড়াও পাচ্ছেন বলে তারা দাবি করছেন। তাদের মধ্যে প্রচারে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাল। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তিনি পরাজিত হন। একই পরিণতি হয় ২০১৮ সালেও।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রফিকুল ইসলাম জামাল বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছি। বারবার কারাবরণও করেছি। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই আমি মনে করি দল এবার আমাকে মনোনয়ন দিয়ে এই ত্যাগের মূল্যায়ন করবে।’
বিএনপির মনোয়নপ্রত্যাশী সেলিম রেজা বলেন, ‘দেশের বাইরে অবস্থান করলেও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সর্বদা জাগ্রত ও সক্রিয় ছিলাম। এ কারণে বিভিন্ন সময় রোষানলেও পড়ি। দেশে পরিবারের লোকজনকেও হয়রানির শিকার হতে হয়। আশা করি নিরাশ করবে না।’
ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম বলেন, ‘একযুগ ধরে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ জনসেবামূলক বিভিন্ন কাজ করে জনগণের মন জয় করেছি। এরপরও চারবার দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হই। এবার আশা করি দল আস্থা রাখবে।

ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত বলেন, ‘কিশোর বয়স থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে অংশগ্রহণ করি। দলের দুঃসময়ে আন্দোলন- সংগ্রামে অংশ নিয়েছি। ফ্যাসিবাদী সরকারের মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছি। দলের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব। দলীয় স্বার্থে মনোনয়ন পাব বলেও আশাবাদী।’
অপরদিকে এই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের রাজাপুর উপজেলা শাখার সাবেক আমির ও বর্তমান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হেমায়েত উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। তিনি রাজাপুর-কাঠালিয়ার প্রত্যন্ত জনপদে জনসাধারণের সঙ্গে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তার পক্ষে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন জনসেবামূলক কাজ, স্বেচ্ছাশ্রম ও অর্থায়নে বিভিন্ন ইউনিয়নে রাস্তা ও সেতু সংস্কারসহ সামাজিক কাজ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে দলটি।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, ‘জনগণ আমাকে ভোট দেবে না, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে।’
ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক ইসলামী দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন। বিভিন্ন মিডিয়ায়, স্থানীয় এবং জাতীয় সম্মেলনে ইসলামের পক্ষে জোরালো বক্তব্য দিচ্ছেন। জামায়াত তৎপর থাকলেও এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি ইসলামী আন্দোলনসহ অন্য ইসলামী দল এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্য দলগুলো। তবে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। প্রচার আছে সেক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হককে জামায়াতসহ অন্য দলগুলো যৌথ সমর্থন দিতে পারে।
রাজাপুর-কাঠালিয়া আসনে ইসলামী দলগুলো সমন্বয় করে প্রার্থী দিলে ইসলামী রাষ্ট্র এবং কুরআনের আইন কায়েমের দায়িত্ব পালনের সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কোনো ব্যক্তির মতাদর্শ নয়, আল্লাহ ও রাসুলের নির্দেশিত পথ প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) ॥ ঝালকাঠি সদর উপজেলা ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অন্তত আটজন। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জীবা আমিনা আল গাজী, সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম নূপুর এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদলের কেন্দ্রীয় নেতা জিএম আব্দুস সবুর কামরুল জোর প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন সভা-সমাবেশে অগ্রভাবে অংশ নিচ্ছেন তারা।

জাতীয় পার্টির সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর মরণোত্তর উপনির্বাচনে স্ত্রী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ২০০০ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচন করলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু নৌকা প্রতীক নিয়ে ভোট কারচুপিতে জয়ী হন। এরপর ২০০১ সালের চারদলীয় ঐক্যজোটের নির্বাচনে বিজয়ী হন ইলেন ভুট্টো। তারই ধারাবাহিকতা ২০০৮ সালে বিএনপির মনোনয়ন পান ইলেন ভুট্টো। তিনি সে যাত্রায় পার হতে না পারলেও এরই ধারাবাহিকতায় ২০১৮ সালেও দলের টিকিট পান তিনি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপির টিকিট দেওয়া হয় জীবা আমিনার হাতে।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে রাজনীতিতে পুনরায় সক্রিয় হলেও সভা-সমাবেশে কোণঠাসা করে রাখা হয়েছিল ইলেন ভুট্টোকে। রাজনীতিতে সক্রিয় হওয়ায় তাকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, ইলেন ভুট্টো ২০১৮ সালের নির্বাচনের পরে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। এরপর তাকে কেউ খুঁজে পায়নি। আওয়ামী শাসনামলে তার নামে হয়নি কোনো মামলাও।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী জীবা আমিনা বলেন, ‘২০১৮ সালে নির্বাচনী প্রচারে নামায় বাড়িতে হামলা, পথে পথে সন্ত্রাসী হামলায় গাড়ি ভাঙচুর করে। এরপর বিভিন্নভাবে হামলা-মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে ফ্যাসিবাদী সরকার। এত কিছুর পর নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছি। এবার দল তার প্রতিদান দেবে বলে প্রত্যাশা রাখি।’

 

মাহবুবুল হক নান্নু ছাত্রদল মনোনীত বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি, বিএনপির বর্তমান সহসাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব পালন করছেন। বিগত দিনে রাজধানী ঢাকাসহ ঝালকাঠির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। তিনি একাধিকবার কারাবরণও করেন। নির্বাচনের মাঠে লড়ার ইচ্ছা তার বহু আগের। বেশ কয়েকবার তিনি দলের মনোনয়নও চান। এবারও তিনি আশাবাদী বলে জানিয়েছেন।
২০২০ সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন মাঠের রাজনীতিতে সক্রিয় আছেন। দলের দুঃসময়ে তিনি জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। তার নামে একাধিক মামলাও হয়েছে। তার বাসায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে ভাঙচুর চালায়।
দলের আরেক ত্যাগী নেতা মনিরুল ইসলাম নূপুরও মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের চাহিদার আলোকে রাজনীতি করছি। এবার দল আমাকে টিকিট দেবে বলে আশা রাখি।

জিএম আব্দুস সবুর কামরুল জানান, ফ্যাসিবাদী সরকার পতনের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন-সংগ্রামে জেলায় ও কেন্দ্রে সব সময় অগ্রভাগে ছিলাম। এজন্য অনেক হামলা ও মামলা সহ্য করতে হয়েছে। একাধিকবার কারাবরণ করেছি। তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সব সময়ই রেখেছি, যা এখনো বহাল আছে। দল আমাকে মনোনয়ন দিলে তার অবমূল্যায়ন হবে না, বরং বিজয় নিশ্চিত বলেও আশা করেন তিনি।
এদিকে বারবার কারা নির্যাতিত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার এম জি জাকারিয়াও এবার বিএনপির মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন। গত ১৫ বছরে তার নামে আওয়ামী লীগ ৪৫টি মামলা দিয়েছিল বলে দাবি করেন তিনি।

এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ নেয়ামুল করীমকে। যিনি বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ছিলেন। তিনি ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার প্রত্যন্ত এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন। তার পক্ষ হয়ে জামায়াত-শিবিরের লোকজনও প্রচার-প্রচারণা ও গণসংযোগ করছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে এখনো মনোনয়ন প্রদান করা হয়নি। তবে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ও ধর্মীয় আলোচক নবমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। জনগণের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। ঝালকাঠির ইসলামী দলগুলোর সমন্বয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে বাছাই করে তাকে সমন্বিত মনোনয়ন দিয়ে নির্বাচন করার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

image_pdfimage_print

Posted on: January 14, 2026 | Author: Chandradip News24