জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে একযোগে ৩৯টি ভোটকেন্দ্রের ১৭৮টি বুথে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বিকাল ৩টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।
ভোর থেকেই ক্যাম্পাসে ভোটের আমেজ দেখা যায়। সকাল সাড়ে ৭টা থেকেই শিক্ষার্থীরা দলে দলে ক্যাম্পাসে আসতে শুরু করেন। সাড়ে ৮টার দিকে ভোটাররা লাইনে দাঁড়ান। ৯টার আগেই প্রায় সব কেন্দ্রে দীর্ঘ সারি তৈরি হয়। কোথাও বিশৃঙ্খলা বা উত্তেজনার চিত্র দেখা যায়নি। বরং ভোট দিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে।
অনেক শিক্ষার্থী একে অপরের সঙ্গে দেখা করে আনন্দ প্রকাশ করেন, কেউ কেউ স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে দলবদ্ধভাবে ছবি তোলেন। মেয়েদের একটি অংশ শাড়ি পরে ভোট দিতে আসায় ক্যাম্পাসে বাড়তি রঙ যোগ হয়। দীর্ঘদিন পর ভোটের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস ছিল স্পষ্ট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। হল সংসদের ১৩টি পদের জন্য লড়ছেন ৩৩ জন। সব মিলিয়ে মোট প্রার্থী সংখ্যা ১৮৭ জন।
এ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’। হল সংসদে লড়ছে তিনটি প্যানেল—‘অদম্য জবিয়ান’, ‘অপরাজিতার অগ্রযাত্রা’ ও ‘রোকেয়া পর্ষদ’।
নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন ভোটারের জন্য একটি করে বুথ রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের প্রস্তুতিও রয়েছে।
ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভোটার, শিক্ষক ও নির্বাচন সংশ্লিষ্ট অনুমোদিত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারছেন না। সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্যাম্পাসজুড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী, ভোটার শিক্ষার্থীরা ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করে ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত করা হয়েছে ২ নম্বর গেট।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আজকের মধ্যেই ভোটগ্রহণ ও ফল প্রকাশ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর আজই নির্ধারিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসুর নেতৃত্ব।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোট শুরুর আগমুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরদিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন তারিখ ঘোষণা করা হয়। দুই দফা পেছানোর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত জকসু নির্বাচন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





