মক্কা-মদিনায় এক মাসে প্রায় ৭ কোটি জিয়ারতকারী

Views: 33

পবিত্র মক্কা ও মদিনায় অবস্থিত মসজিদে হারাম এবং মসজিদে নববিতে মাত্র এক মাসে প্রায় ৭ কোটি উমরা পালনকারী, মুসল্লি ও জিয়ারতকারীর আগমন ঘটেছে। সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, জমাদিউস সানি মাসে মোট ৬ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৮৫৩ জন মানুষ এই দুই মসজিদে ইবাদত ও জিয়ারতে অংশ নেন। যা আগের মাসের তুলনায় প্রায় ২১ লাখ বেশি।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ সময়ে প্রায় ৩ কোটি মুসল্লি মসজিদে হারামে নামাজ ও ইবাদত আদায় করেন। এর মধ্যে ৯৪ হাজার ৭০০ জন মুসল্লি কাবা শরিফসংলগ্ন হাতিমে কাবায় নামাজ আদায়ের সুযোগ পান। একই সময়ে মদিনার মসজিদে নববিতে ইবাদত ও জিয়ারতের জন্য গেছেন প্রায় ২ কোটি ৩১ লাখ মুসল্লি।

এছাড়া পবিত্র রিয়াজুল জান্নাতে প্রবেশের সুযোগ পেয়েছেন প্রায় ১৩ লাখ মুসল্লি। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর দুই সাহাবির কবর জিয়ারত করেছেন আরও প্রায় ২৩ লাখ মানুষ।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, শুধু জমাদিউস সানি মাসেই দেশি ও বিদেশি মিলিয়ে ১ কোটি ১৯ লাখের বেশি মুসলমান উমরা পালন করেছেন। উন্নত ব্যবস্থাপনা, আধুনিক সেবা এবং ডিজিটাল সুবিধার কারণে উমরা পালনকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, উক্ত সময়ে সৌদি আরবের বাইরে থেকে আগত উমরা যাত্রীর সংখ্যা ছিল ১৭ লাখের বেশি। ডিজিটাল ভিসা, সমন্বিত লজিস্টিক সেবা এবং সহজ আগমন প্রক্রিয়ার ফলে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ইবাদত করার সুযোগ পাচ্ছেন।

দুই পবিত্র মসজিদে মুসল্লি ও জিয়ারতকারীর এই ব্যাপক উপস্থিতি সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হজ, উমরা ও জিয়ারত ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কাজ করছে সৌদি সরকার। যাত্রা পরিকল্পনা থেকে শুরু করে সৌদি আরব ত্যাগ পর্যন্ত প্রতিটি ধাপে মুসল্লিদের স্বস্তি ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: December 27, 2025 | Author: Chandradip News24