মাঠেই শেষ বিদায়, কান্নায় ভেঙে পড়লেন মুশফিক

Views: 71

বাংলাদেশ ক্রিকেটের এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দীর্ঘদিনের কোচ ও অভিভাবকসুলভ মানুষ মাহবুব আলী জাকির শেষ বিদায়ে মাঠেই অঝোরে কেঁদে ভেঙে পড়েন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কান্নায় ভারী হয়ে ওঠে পুরো ক্রিকেটাঙ্গন।

৫৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান জাতীয় দলের সাবেক সহকারী কোচ ও পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জাকি। অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট, একাডেমি এবং জাতীয় দল—মুশফিকুর রহিমের ক্রিকেট ক্যারিয়ারের প্রতিটি ধাপে পাশে ছিলেন এই কোচ। প্রায় ২৫ বছরের সেই সম্পর্কের ইতি টানে এক নির্মম মুহূর্ত।

ম্যাচ চলাকালীন সময়েই আসে জাকির মৃত্যুসংবাদ। তখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ব্যাট করছিল রাজশাহী ওয়ারিয়র্স। খেলার মাঝখানে আবেগ প্রকাশের সুযোগ না থাকলেও ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের আবেগ বাঁধভাঙা হয়ে ওঠে।

জানা যায়, মাঠে ওয়ার্ম-আপ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত আল হারামাইন হাসপাতালে নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ফিরিয়ে আনা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ম্যাচ শেষে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের উপস্থিতিতে মাঠেই অনুষ্ঠিত হয় মাহবুব আলী জাকির প্রথম জানাজা। জানাজার সময় আবেগ ধরে রাখতে পারেননি মুশফিকুর রহিম। পেসার শরিফুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটারের চোখে ছিল অশ্রু।

ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, “জাকি স্যার আমাদের কাছে বাবার মতো ছিলেন। এই জয় আমরা তাকে উৎসর্গ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটের জয় পেলেও ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের চোখেমুখে ছিল গভীর শোকের ছাপ। প্রিয় কোচকে হারানোর কষ্ট যেন পুরো দলকে নিঃশব্দ করে দেয়।

মাহবুব আলী জাকির প্রয়াণে দেশের ক্রিকেটাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদসহ অনেক জাতীয় দলের ক্রিকেটার শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকা ক্যাপিটালসও আনুষ্ঠানিকভাবে শোক জানায়। জানাজায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাহবুব আলী জাকি ছিলেন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের অন্যতম নীরব কারিগর। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের অন্যতম সদস্য ও পেস বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: December 27, 2025 | Author: Chandradip News24