বরিশালে শীতের দাপটে শেবাচিমে শিশু ওয়ার্ডে ভয়াবহ বেড সংকট

Views: 24

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। বেড সংকটের কারণে অনেক অসুস্থ শিশু মেঝেতে বসে কিংবা ফ্লোরে শুয়েই চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। এতে শিশু ও তাদের অভিভাবকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে শিশু ওয়ার্ডে নিউমোনিয়া, জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ৪১ শয্যার এই ওয়ার্ডে বর্তমানে প্রায় আড়াই শতাধিক শিশু ভর্তি রয়েছে। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় একটি বেডে ৩ থেকে ৪ জন শিশুকে রাখা হচ্ছে।

শিশু ওয়ার্ডের চিকিৎসকরা জানান, অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা চলছে। এদিকে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ জনের বেশি শিশু চিকিৎসা নিতে আসছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অভিভাবকদের অভিযোগ, স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পরও শিশুদের অবস্থার উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে আনতে হচ্ছে। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, জ্বর, সর্দি ও কাশিতে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মসিউল মুনীর জানান, “শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা সীমিত হলেও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।”

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার নগরীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও মেঘলা আবহাওয়ার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে, যার প্রভাব পড়ছে শিশুদের স্বাস্থ্যে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

বাংলা ট্যাগ:
#বরিশাল #শেবাচিম #শিশু_ওয়ার্ড #বেড_সংকট #শীতজনিত_রোগ#Barishal #SBMC #ChildWard #BedCrisis #WinterDiseases

 

image_pdfimage_print

Posted on: December 27, 2025 | Author: Chandradip News24