চন্দ্রদ্বীপ নিউজ : বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা দেখা গেছে, যাত্রীদের সংখ্যাও ছিল কম।
কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী দূরপাল্লার বাস টার্মিনাল গুলোতে ।
জানা যায়, যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক বাস ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত ট্রিপে যাত্রী পরিবহন করছে।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, ‘আজ যাত্রী কম। গতকাল রাত থেকেই কম পাচ্ছি। আজকের ভোরের একটি গাড়ি বন্ধ রেখেছি।’
শ্যামলী পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা এক কর্মচারী বলেন, ‘আমাদের যশোরের সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী কম। সকালের দুইটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।’
রাজশাহীগামী যাত্রী মো.সুলায়মান জানান, ‘যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি, ৯টায় ছাড়বে। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি। ৯টার বাস ঠিক সময়ে ছাড়বে কি–না, তা নিয়েও সন্দেহ আছে।’
যাত্রী আব্দুল হান্নান বলেন, ‘গাড়ি ৮টায় ছাড়ার কথা, কিন্তু এখনও আসেনি। যাত্রী কম বলে সময় লাগছে হয়তো।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আতঙ্ক ছড়িয়েছে, তাই হয়তো যাত্রী কম। কিছুটা ভয় লাগছে, কিন্তু জরুরি কারণে যেতে হচ্ছে। বেড়াতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।’





