ভোলায় সংঘর্ষের পর বিএনপি সদর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত

Views: 7

ভোলা শহরে বিএনপি ও ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মীদের সংঘর্ষের জেরে বিএনপির কেন্দ্রীয় কমিটি ভোলা সদর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (১ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলার সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।”

দলীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে একই দিন দুপুরে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচি ঘিরে দুই দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিজেপি। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও এক সাংবাদিকও রয়েছেন। ভোলা সদর হাসপাতালে ২০ জন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের সময় কয়েকটি দোকান, গাড়ি ও রাজনৈতিক ব্যানার-পোস্টারও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজেপির প্রচার সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, “বিএনপির একটি অংশ আমাদের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের শান্তিপূর্ণ সভা ভেঙে দিয়েছে।”
অন্যদিকে, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “এই ধরনের সংঘাত জাতীয়তাবাদী শক্তির ঐক্যকে ক্ষতিগ্রস্ত করছে। ভোট রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে, তাই ঐক্য জরুরি।”

স্থানীয় সূত্র জানায়, ভোলা-১ আসনের মনোনয়ন নিয়ে বিএনপি ও বিজেপির মধ্যে দ্বন্দ্বই মূলত সংঘর্ষের কারণ। এই আসনে বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর ও বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ উভয়েই মনোনয়নপ্রত্যাশী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন বাড়ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, স্থানীয়ভাবে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: November 2, 2025 | Author: Chandradip News24