চলতি অক্টোবর মাসের প্রথম ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা প্রতিদিন গড়ে দাঁড়ায় প্রায় ৮ কোটি ৩৮ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাহ বেড়েছে প্রায় ১০ শতাংশের বেশি।
শুধু ২৯ অক্টোবর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে মোট এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। ধারাবাহিক এ প্রবৃদ্ধি প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রাখার ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোয় সরকারি প্রণোদনা, হুন্ডি প্রতিরোধ এবং প্রবাসীদের আস্থা বৃদ্ধিই এ প্রবৃদ্ধির মূল কারণ। তারা বলছেন, এই গতি অব্যাহত থাকলে বছর শেষে প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়তে পারে বাংলাদেশ।





