পটুয়াখালীর বিএনপি প্রার্থীদের গুলশান ডাক: আজ তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

Views: 33

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রক্রিয়া আরও এক ধাপ এগোচ্ছে। এবার পটুয়াখালীর চারটি আসনের আটজন মনোনয়নপ্রত্যাশীকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

দলীয় সূত্র জানায়, বৈঠকে প্রতিটি আসনের প্রার্থীদের সঙ্গে ( ভিডিও কনফারেন্স)  এর মাধ্যমে সরাসরি কথা বলবেন তারেক রহমান। এই বৈঠককে মনোনয়ন চূড়ান্ত করার প্রাথমিক ধাপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই প্রার্থীরা চূড়ান্ত মনোনয়নের সবুজ সংকেত পাবেন।

পটুয়াখালী জেলা থেকে গুলশান বৈঠকে ডাকা হয়েছে—

পটুয়াখালী-১ (সদর-দুমকী-মির্জাগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক তালুকদারকে।

পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) থেকে নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও কলাপাড়া বিএনপির সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে।

বাউফল আসনের মনোনয়নপ্রত্যাশী মুনির হোসেন বলেন,
“আমাদের সোমবার বিকেল ৪টায় গুলশান অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে কে মনোনয়ন পাবেন বা কবে চূড়ান্ত হবে—এ বিষয়ে কিছু বলা হয়নি।”

একই কথা বলেন সাবেক এমপি শহিদুল আলম তালুকদার ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। তাদের ভাষ্য, বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয়নি।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন,
“এটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। বিএনপির মতো বড় দলে প্রতিটি আসনে একাধিক যোগ্য নেতা রয়েছেন। সবাই মনোনয়ন পাবেন না, দলীয় পদ্ধতিই চূড়ান্ত করবে যোগ্য প্রার্থীকে।”

তিনি আরও বলেন,
“বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এমপি হওয়াই শেষ কথা নয়—ধানের শীষের বিজয়ই আমাদের মূল লক্ষ্য।”

দলীয় একটি সূত্র জানায়, বৈঠকে শুধুমাত্র মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা, সাংগঠনিক অবস্থান ও নির্বাচনী সক্ষমতা যাচাই করা হবে। এরপরেই মনোনয়ন তালিকা চূড়ান্ত করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই বৈঠক আসন্ন নির্বাচনে দক্ষিণাঞ্চল—বিশেষ করে পটুয়াখালী জেলায় প্রার্থিতা নির্ধারণের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 27, 2025 | Author: Chandradip News24