বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) দীর্ঘ ২৪ বছর পর ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজে শিক্ষার্থীদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার প্রতিফলন ঘটছে না। তাঁরা বলেন, “আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই। যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের দাবিতে গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও প্রশাসন তা আমলে নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে আজ তাঁরা প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন।
একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “৩২ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠানে কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্র সংসদ থাকলে শিক্ষার্থীদের পক্ষে দাবি আদায় ও সমস্যার সমাধান করা যেত। কিন্তু এত বছরেও নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা বঞ্চিত।”
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





