নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক আইন ও বিধিমালা অনুযায়ী প্রতীকের তালিকায় “শাপলা” না থাকায় এটি কোনো দলের জন্য বরাদ্দ দেওয়া সম্ভব নয়।
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত পুলিশের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী তালিকাভুক্ত প্রতীক থেকেই বরাদ্দ দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান—তাই আইন মেনে কাজ করা আমাদের দায়িত্ব। আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সেই কারণেই ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। অনেক কিছুই মিডিয়ায় প্রচারিত হচ্ছে, তবে তা নির্বাচনে প্রভাব ফেলবে না। আমরা আশা করছি, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব বাহিনী প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই চ্যালেঞ্জ হয়ে উঠবে না। বিতর্কিত কেউ নির্বাচনী দায়িত্বে থাকবেন না বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া পিআর পদ্ধতি প্রসঙ্গে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয়। সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ রানা, সিলেট জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান এবং সিটিএসবি (ডিসি) আফজল হোসেন প্রমুখ।
আল-আমিন





