যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বাংলাদেশের সংস্কার অগ্রগতিতে

Views: 35

বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও চলমান সংস্কার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগগুলো বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

বৈঠকে মার্কিন ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের সংস্কার উদ্যোগ ও সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরা হয়। অর্থ উপদেষ্টা জানান, গত এপ্রিলের বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠকের পর গত ছয় মাসে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল হয়েছে, রিজার্ভ বেড়েছে এবং রাজস্ব আয়ও উন্নতির পথে।

ড. সালেহউদ্দিন বলেন, “সরকার লেনদেন ও পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিরসন করেছে এবং দীর্ঘদিনের অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তি করেছে। আমাদের সংস্কার এখন দৃশ্যমান—যার ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে।”

বৈঠকে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যাংকিং খাত, রাজস্ব প্রশাসন ও বীমা খাতে স্বচ্ছতা বৃদ্ধির পদক্ষেপের প্রশংসা করেন। তারা কর রিফান্ড ও নিয়ন্ত্রক সংস্কারের বিষয়েও পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা জানান, অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ না হলে এমন অগ্রগতি সম্ভব হতো না।

অর্থ উপদেষ্টা আরও জানান, “আমরা এসব সুপারিশ ইতোমধ্যে অনলাইন নীতিমালার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এর বাস্তব প্রভাব দেখা যাবে।” তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো—সংস্কার প্রক্রিয়া অব্যাহত রেখে বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আরও নির্ভরযোগ্য গন্তব্যে পরিণত করা।

সরকারের প্রতিনিধি দল জানায়, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ফলে ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের সংস্কারধর্মী পদক্ষেপের প্রশংসা করেছেন।

বর্তমানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ২০২৫ সালের আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 14, 2025 | Author: Chandradip News24