চর বিজয়ে ৪০ হাজার ঝাউ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন

Views: 38

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর বিজয়ে শুরু হয়েছে বিশাল আকারের বনায়ন কর্মসূচি। বন বিভাগ, মহিপুর রেঞ্জের উদ্যোগে ‘সুফল প্রকল্প’-এর আওতায় প্রায় ৪০ হাজার ঝাউ গাছ রোপণের এ উদ্যোগের উদ্বোধন করা হয় আজ সোমবার।

উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ধাপে ৮ হাজার ঝাউ চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান, গঙ্গামতি ও ইকোপার্ক বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ বন বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসিন সাদেক বলেন, “চর বিজয়ে ইতোমধ্যে ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছ রোপণ করা হয়েছে। এর পাশাপাশি প্রাকৃতিক ঘাসের বিস্তৃত আচ্ছাদন চরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, ধারাবাহিক বনায়ন কার্যক্রম অব্যাহত থাকলে চর বিজয় ভবিষ্যতে একটি প্রাকৃতিক বনভূমি ও অতিথি পাখির নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হবে।

অন্যদিকে, বনায়ন কার্যক্রম চলাকালে বন বিভাগের কর্মকর্তারা একটি আহত সিগাল পাখি উদ্ধার করেন। পরে পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স পটুয়াখালী’-এর সদস্য বায়েজিদ মুন্সীর তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা মনে করছেন, ঝাউ ও অন্যান্য গাছের লাগানো বনায়ন চর বিজয়ের মাটি রক্ষা, পরিবেশ ভারসাম্য ও পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 13, 2025 | Author: Chandradip News24