আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ডাকে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন পটুয়াখালী জেলার চারজন শীর্ষস্থানীয় ও প্রভাবশালী নেতা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে তারা পৃথকভাবে অংশ নেন এবং নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসন (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের ডাকা হয়েছে তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মোশতাক আহমেদ পিনু।
সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু।
সূত্র জানায়, সাক্ষাৎকারে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনিক সক্ষমতা ও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “দীর্ঘদিন ধরে আমি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে দলের আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, “গত দুই দশক ধরে তৃণমূলের পাশে থেকে সংগঠনকে শক্তিশালী করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি।”
অন্যদিকে সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু জানান, “আমি পৌর মেয়র থাকাকালে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করেছি এবং এখনো স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে দলের পক্ষে মাঠে আছি।”
মনোনয়ন সাক্ষাৎকারে চারজনই দলের প্রতি তাদের আনুগত্য, তৃণমূল পর্যায়ে প্রভাব, জনপ্রিয়তা ও নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার শেষে তাদের যোগ্যতা, সাংগঠনিক প্রভাব ও জনগণের সঙ্গে সম্পৃক্ততা মূল্যায়ন করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে পরবর্তী ধাপে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





