সংগঠন শক্তিশালী হলে তবেই সফল হবে বিপ্লব: মির্জা ফখরুল

Views: 18

ঢাকা থেকে মো: আল-আমিন — বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত কমরেড বদরুদ্দীন উমরের স্মরণে আয়োজিত শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আজকের সমাজে যে হতাশার পরিবেশ তৈরি হয়েছে, তার মূল কারণ হচ্ছে সংগঠনের দুর্বলতা। বিপ্লবী সংগঠন না থাকলে কোনো বিপ্লব সফল হয় না। যারা সত্যিই সমাজ পরিবর্তন করতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।”

তিনি প্রয়াত বদরুদ্দীন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রাম থেকে বিচ্যুত হননি। আপসহীন সংগ্রামী হিসেবে তিনি আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।”

শোকসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায় এবং অধ্যাপক সিরাজুল ইসলাম। বক্তারা সবাই কমরেড বদরুদ্দীন উমরের রাজনৈতিক ভূমিকা, তার নিরলস সংগ্রাম এবং সমাজ পরিবর্তনে অবদানের কথা স্মরণ করেন।

শোকসভা শেষে বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে বিপ্লবী চেতনায় এগিয়ে আসার আহ্বান জানান।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: September 20, 2025 | Author: Chandradip News24