অ্যাপল সদ্য বাজারে এনেছে আইফোন ১৭ সিরিজ, আর এরই মধ্যে প্রযুক্তি দুনিয়ায় শুরু হয়ে গেছে নতুন আলোচনার ঢেউ। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আইফোন ১৮ সিরিজ। প্রযুক্তি প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী প্রজন্মের জন্য, তবে ইতিমধ্যেই কয়েকটি তথ্য ফাঁস হয়ে গেছে যা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া উইবো-তে পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছেন, আইফোন ১৮ সিরিজে (iPhone 18, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max) ডাইনামিক আইল্যান্ড থাকবে, তবে সেটি হবে আগের চেয়ে ছোট আকারের। বহু বছর ধরে এই ফিচারটি আইফোনের অন্যতম চিহ্নিত বৈশিষ্ট্য হলেও, এবার সেটির নকশায় পরিবর্তন আসতে পারে। অনেকে মনে করছেন, এটি ২০২৭ সালে আসতে যাওয়া “অল-গ্লাস আইফোন”-এর প্রস্তুতির অংশ।
তবে হতাশার বিষয় হলো, বহুল আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি এবারও থাকছে না। এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল আইফোন ১৬ প্রো থেকে। এরপর আইফোন ১৭ প্রো নিয়েও একই আলোচনা হয়েছিল। অনেকেই ভেবেছিলেন আইফোন ১৮-তেই এই প্রযুক্তি যুক্ত হবে। কিন্তু ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তিটি এখনো বাজারে আনার মতো পরিপূর্ণ নয়। ফলে ব্যবহারকারীদের আরও অপেক্ষা করতে হবে, হয়তো আইফোন ১৯ প্রো বা পরবর্তী কোনো মডেলেই এটি প্রথমবার দেখা যাবে।
এ কারণে আইফোন ১৮ সিরিজেও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে। যদিও এটি ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরেই অবস্থান করবে।
উল্লেখ্য, ইনস্ট্যান্ট ডিজিটালের উইবোতে প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে। তারা আগেও অ্যাপলের বেশ কিছু সঠিক তথ্য আগেভাগেই প্রকাশ করেছিল। তবে তাদের সব ভবিষ্যদ্বাণী একেবারে সত্যি হয়নি। বিশেষ করে আইফোন ১৭ নিয়ে তাদের কিছু পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল।
তবে এখনো বাজারে আসতে প্রায় এক বছর বাকি আইফোন ১৮ সিরিজের। এই সময়ের মধ্যে অ্যাপলের নতুন ডিভাইসকে ঘিরে আরও অনেক তথ্য, ফিচার এবং গুঞ্জন প্রকাশিত হবে। ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে ভবিষ্যতের আইফোনের চেহারা।





