বরগুনায় কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৪

Views: 26

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে কেরামবোর্ড খেলাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কালু চৌকিদার বাড়ির সামনে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় কিশোর-যুবকরা কেরাম খেলার এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে রামদা, দা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন—
মীর আমির হামজা (৩০), মীর রফিকুল ইসলাম (৪০), মীর আলমাছ (৫০), মীর আ. মালেক (৫০), মীর নাসির (৬২), মীর আলামিন (৬২), মীর শামীম (৩৪), মীর মোস্তফা (১৪), মজনু চৌকিদার (৫০), মাহবুব চৌকিদার (৪০), হাসান চৌকিদার (২৫), আবুল বাশার চৌকিদার (৪৫), রিয়াজুল চৌকিদার (২৮) এবং ইউপি সদস্য হেনা বেগম (৪০)।

আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ১২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত নাসির মীর জানান, কেরাম খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দা, রামদা ও লাঠি নিয়ে তাদের উপর হামলা চালায়। অন্যদিকে মজনু চৌকিদার অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রথমে তাদের আক্রমণ করে এবং আহতদের একটি ঘরে আটকে রাখে। পরে গ্রামবাসী ও পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 13, 2025 | Author: Chandradip News24