‘বিএনপি ভেবেছে ক্ষমতায় চলে গেছে, দিল্লি বহুদূর’ : ফয়জুল করিম

Views: 48

ফ্যাসিবাদের অবসান ঘটার পরও শান্তি ও মুক্তি না এসে দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ধর্ষণকারীদের দৌরাত্ম্য বেড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নগরীর নিউমার্কেট এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। “প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন”– এসব দাবিকে সামনে রেখে আয়োজিত সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেন।

গণসমাবেশে বক্তৃতাকালে ফয়জুল করিম অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের ওপর চাঁদাবাজির দৌরাত্ম্য চালাচ্ছে। চাঁদা না দিলে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ—কেউই রেহাই পাচ্ছে না। তিনি দাবি করেন, “দেশের মানুষ কোনো চাঁদাবাজ, ধর্ষণকারী বা জুলুমবাজদের ভোট দেবে না। যদি তারা ক্ষমতায় আসে, তবে দোকানদাররা ব্যবসা চালাতে পারবেন না, ঘরবাড়ি নির্মাণ করা যাবে না, সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।”

তিনি আরও বলেন, “বিএনপি ভেবেছে ক্ষমতায় পৌঁছে গেছে, কিন্তু বাস্তবে তাদের সেই সুযোগ নেই। জনগণ এখন সচেতন, তারা আর জুলুমবাজদের সুযোগ দেবে না। এ দেশের মানুষ শান্তি চায়, ন্যায় চায়।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি জোর দিয়ে বলেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা খুলনা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: September 13, 2025 | Author: Chandradip News24