বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলায় সংঘর্ষ, আহত ১০

Views: 18

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ঘটনাস্থলে উপস্থিত হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমও আহত হন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে ফুটবল খেলছিলেন। এ সময় মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ওই সিনিয়র শিক্ষার্থীকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

ঘটনাটি মার্কেটিং বিভাগের গ্রুপে ছড়িয়ে পড়লে তাদের কয়েকজন মাঠে গেলে সেখানে আবারও মারধরের ঘটনা ঘটে। এতে মার্কেটিং বিভাগের তিনজন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে দুজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উত্তেজিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। একই সময়ে বিটাক ভবনে অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরাও অবস্থান নেন। এরপর মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রক্টরিয়াল বডির সক্রিয় ভূমিকা ছিল না। কেবল একজন সহকারী প্রক্টর উপস্থিত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দেরি হয় বলে তারা দাবি করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 12, 2025 | Author: Chandradip News24