সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৩২০ সাংবাদিক পেলেন ২ কোটি ১০ লাখ টাকা

Views: 25

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পর্যায়ে ৩২০ জন সাংবাদিক ও মৃত সাংবাদিকের পরিবারকে মোট ২ কোটি ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার সার্কিট হাউস রোডের তথ্য ভবনের ডিএফপি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত এবং দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন।

তথ্য সচিব মাহবুবা ফারজানা তার বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশে সাংবাদিকদের কল্যাণে দল-মত নির্বিশেষে কাজ করছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। প্রকৃত প্রাপকেরা এখন সহায়তা পাচ্ছেন, তবে চাহিদার তুলনায় তা এখনও সীমিত। তিনি আরও জানান, সাংবাদিকদের জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিতে তথ্য মন্ত্রণালয় সব সময় কাজ করছে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তথ্য অনুযায়ী, গত এক বছরে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিককে মোট ১০ কোটি ৭০ লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ কোটি ৯১ লাখ টাকা কল্যাণ অনুদান পেয়েছেন ১ হাজার ৪২৫ জন সাংবাদিক। মৃত্যুবরণকারী ৫৮ জন সাংবাদিকের পরিবার এবং গুরুতর অসুস্থ ৯২২ জন সাংবাদিক এই অনুদান পেয়েছেন। এছাড়া ১৯২ জন আহত সংবাদকর্মী ও শহীদ সাংবাদিকদের ৫টি পরিবারকে সম্মাননা ক্রেস্ট ও সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে।

এছাড়া ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে ৫৫ লাখ ২৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি এবং গত রমজানে ১ হাজার ৫০০ সাংবাদিককে ৭০ লাখ টাকার খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে কল্যাণ ট্রাস্ট মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা সাংবাদিক কল্যাণ অনুদান হিসেবে বিতরণ করেছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: September 4, 2025 | Author: Chandradip News24