রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহিপুর থানা যুব গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এনায়েত উদ্দিন দুলাল ফকীর, ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান, মহিপুর থানা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু তালহা ও আরিফ ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে রক্তাক্ত করেছে। তারা আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুর রাজপথে নেতৃত্ব দিয়ে দেশের তরুণ সমাজকে জাগ্রত করেছিলেন, যা আওয়ামী সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমাবেশে বক্তারা আরও দাবি জানান, আগামী সাত দিনের মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।





