অন্তর্বর্তী সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফেরানোর দাবি জামায়াতের

Views: 29

বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের দ্রুত সন্ধান করে তাদের পরিবারে ফিরিয়ে দিতে এবং এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে।

শনিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, ২০১১ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হচ্ছে। এ দিন গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করে তিনি তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে গুমের শিকার পরিবারের অনেকে চরম মানসিক ট্রমা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রিয়জনের খোঁজ না পাওয়ায় অনেক পরিবার ধ্বংসের মুখে পড়েছে।

জামায়াত নেতার দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত সরকার আমলে সাতশ’রও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ তালিকায় রয়েছেন। তার মতে, এসব কর্মকাণ্ড ছিল বিরোধী কণ্ঠরোধের অংশ, যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

বিবৃতিতে তিনি কয়েকজন দীর্ঘদিন নিখোঁজ ব্যক্তির উদাহরণ তুলে ধরেন। এর মধ্যে জামায়াত নেতা হাফেজ জাকির হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের নেতা আল মোকাদ্দাস ও মোহাম্মদ ওলিউল্লাহ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলমসহ আরও অনেকের নাম উল্লেখ করেন। তিনি মনে করিয়ে দেন, যদিও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী ও আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম ফিরে এসেছেন, তবে বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গুমের শিকারদের ফিরিয়ে দেবেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন।”

image_pdfimage_print

Posted on: August 29, 2025 | Author: Chandradip News