বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের ভেতরে একটি মহল গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দিচ্ছে। তিনি বলেন, যদি তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে এই জটিলতা সহজেই সমাধান করা যেত।
বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজকাল সমাজের প্রায় সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আগে যেখানে কোনো কাজে ১ লাখ টাকা দিলেই হতো, এখন সেখানে ৫ লাখ টাকা লাগে। রাজনীতিবিদরাও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ায় দেশের ক্ষতি আরও বাড়ছে। বাংলাদেশকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “৭১ সালের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চলছে, কিন্তু তা সম্ভব নয়। আমরা চোখের সামনে হত্যাযজ্ঞ ও নির্যাতনের ভয়াবহতা দেখেছি। যারা সেদিন সহযোগিতা করেছিল, তারাই এখন বড় বড় কথা বলছে। তাই আমাদের এখন আরও সতর্ক থাকতে হবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সংস্কারের জটিলতা দ্রুত শেষ করুন, নির্বাচন আয়োজন করুন এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করুন। যারা ফায়দা নিতে চায়, তারা বসে নেই।”





