বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনে রাতদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনসেবায় নজরকাড়া সাফল্য অর্জন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। যোগদানের পর থেকেই দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার মিশ্রণে তিনি উপজেলাবাসীর আস্থা অর্জন করেছেন।
রুমানা আফরোজ ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে বাকেরগঞ্জ ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়ের মধ্যে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উপজেলা ও পৌরসভা ঢেলে সাজানো, গ্রামীণ জনপথে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং নাগরিক সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
কবাই ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন, অবৈধ মাটিকাটা ও বালু উত্তোলনের খবর পেয়ে গতকাল রাত ১১টায় ট্রলার নিয়ে অভিযান চালান ইউএনও রুমানা আফরোজ। রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখনও তিনি দেশের ও মানুষের কল্যাণে নির্ঘুম রাত কাটিয়ে কাজ করে যাচ্ছেন।
রুমানা আফরোজ জনকণ্ঠকে বলেন, “যেদিন থেকে এ উপজেলায় যোগদান করেছি, অনেকের মনে প্রশ্ন ছিল একজন নারী কতটা মাঠ সামলাতে পারবেন। তবে সময় প্রমাণ করেছে, একজন কর্মকর্তা হিসেবে নয়, আমি সর্বদা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলাবাসীকে সেবা দিয়ে যাচ্ছি। শত বাধা পেরিয়ে জনগণকে সাথে নিয়ে বাকেরগঞ্জকে সুন্দর করতে কাজ চালিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “উপজেলা ও পৌর প্রশাসনসহ স্থানীয় জনগনের সহযোগিতা পেয়ে এগিয়ে যাচ্ছি। যতদিন দায়িত্বে থাকবো, জনগণের সেবায় সর্বোচ্চ উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ চালিয়ে যাব।“
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “পুরুষ কর্মকর্তাদের ন্যায় নারী ইউএনওরাও মাঠপর্যায়ে দক্ষতা ও কর্মঠতার পরিচয় দিচ্ছেন। জেলা প্রশাসন থেকে সকল ইউএনওদেরকে জনসেবায় আরও সক্রিয় হতে উৎসাহিত করছি।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





