নির্বাচন নিয়ে শঙ্কা নেই, রমজানের আগে ভোট আশা বিএনপির সালাহউদ্দিনের

Views: 18

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা জানান। সালাহউদ্দিন বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছি। এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বা গণপরিষদের দাবি কেবল রাজনৈতিক কৌশল। কয়েকটি দল মাঠ গরম করার জন্য এসব বলছে।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, এর কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি বিকল্প প্রস্তাব দেবে।

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়েও কোনো জটিলতা নেই বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে ভবিষ্যতে সেটি কার্যকর হতে পারে। তবে বর্তমান সরকারের ঘোষিত মেয়াদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে কোনোভাবেই জোট হবে না। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হতে পারে। কিছু ইসলামী ঘরানার দল নিয়েও আলোচনা চলছে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়।

image_pdfimage_print

Posted on: August 26, 2025 | Author: Chandradip News