টানা তিনবার টেকসই ব্যাংকের শীর্ষ তালিকায় যমুনা ব্যাংক

Views: 44

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ২০২৪ সালের টেকসই ব্যাংক রেটিংয়ে টানা তৃতীয়বারের মতো শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় জায়গা করে নিয়েছে যমুনা ব্যাংক লিমিটেড। দেশের আর্থিক খাতে ধারাবাহিক উন্নয়ন, পরিবেশবান্ধব উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতায় সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জন করেছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠান-এ যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ-এর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন গভর্নর ড. আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যমুনা ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ প্রসান্ত সামিরসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই ও সবুজ অর্থায়ন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি ও বহুমুখী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি যমুনা ব্যাংককে এই স্বীকৃতি এনে দিয়েছে। ব্যাংকটি মনে করে, টেকসই উন্নয়নই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

সম্মাননা গ্রহণের পর ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ বলেন,
“যমুনা ব্যাংকের টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগগুলো কেবল সামাজিক দায়বদ্ধতার প্রতীক নয়; বরং এগুলো আমাদের আর্থিক ভিত্তি সুদৃঢ় করার একটি কৌশলগত অংশ। বাংলাদেশ ব্যাংকের এ স্বীকৃতি আমাদের ভবিষ্যৎমুখী ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের প্রতিফলন।”

টানা তিনবার শীর্ষ তালিকায় থাকা ব্যাংকের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। আর্থিক খাতে টেকসই ব্যাংকিং প্রসারে এ ধরনের উদ্যোগকে মাইলফলক হিসেবেই বিবেচনা করা হচ্ছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: August 24, 2025 | Author: Chandradip News24