পটুয়াখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ

Views: 51

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য সরকারের চাল বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারভোগীরা অভিযোগ করেছেন, প্রতি গ্রাহকের জন্য নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে ২৮ কেজি করে চাল দেয়া হচ্ছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে লোহালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপকারভোগীদের কাছ থেকে এ অভিযোগ পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার পালপাড়া বাজারের বিক্রয়কেন্দ্রে খাদ্যবান্ধব কর্মসূচির চাল তুলতে এসে অনেকেই একই সমস্যার মুখোমুখি হন।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিক্রি করার নির্দেশনা থাকলেও ডিলার পক্ষ থেকে নিয়মিতভাবেই ২ কেজি করে চাল কম দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। উপকারভোগী রাবেয়া বেগমসহ একাধিক ব্যক্তি বলেন, “আমরা ৩০ কেজির টাকা দিলেও হাতে পাই ২৮ কেজি। দীর্ঘদিন ধরে একইভাবে চাল কম দেয়া হচ্ছে। বিষয়টি বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।”

অভিযোগের বিষয়ে ডিলার কামাল হোসেন মৃধা দাবি করেন, তিনি নিজে কোনো অনিয়মে জড়িত নন। তার ভাষ্য, “আমার বিষয়ে খোঁজ নিয়ে দেখুন। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি, কোনো অন্যায় করি না। আমার কর্মচারীদের মধ্যে একজন ওজনে কম দিয়েছিল, তাকে আমি সরিয়ে দিয়েছি। এখন আর কম দেয়ার সুযোগ নেই।”

স্থানীয়দের মতে, সরকারের এ কর্মসূচি মূলত হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য চালু হলেও ডিলারদের অনিয়মের কারণে উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি না থাকায় প্রায়ই এ ধরনের অভিযোগ শোনা যায়।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি বলেন, “আমি ইতোমধ্যেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

উপকারভোগীরা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে অনিয়ম বন্ধ হবে এবং প্রকৃত হতদরিদ্ররা তাদের প্রাপ্য সুবিধা সঠিকভাবে পাবেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: August 23, 2025 | Author: Chandradip News24