অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তার নেতৃত্বাধীন সরকার এখন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. ইউনূস।
তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিক শাসনের ধারায় ফিরিয়ে আনতে পারব। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।”
এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গারা আমাদের জন্য একটি বড় মানবিক সংকট। এ সংকট সমাধানে আমরা আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস)-এর কার্যকর সহযোগিতা চাই।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মালয়েশিয়ায় পৌঁছান। তিন দিনের এই সফরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বুধবার (১৩ আগস্ট) ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম)-এর পক্ষ থেকে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একটি স্মারক বক্তৃতাও দেবেন।





