বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, ঋতুপর্ণার জন্য নতুন বাড়ি নির্মাণের দায়িত্ব নেবে বিসিবি।
শনিবার বিকেলে বিসিবির বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান সাংবাদিকদের এ তথ্য জানান। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও অস্ট্রেলিয়া থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রাঙামাটির বাসিন্দা ঋতুপর্ণার বাড়ি দীর্ঘদিন ধরেই জীর্ণ-শীর্ণ অবস্থায় রয়েছে। বাবা ও একমাত্র ভাইকে হারানো এই ফুটবলারের সংসার চলে মূলত তার উপার্জনেই। অসুস্থ মায়ের চিকিৎসা ব্যয় বহন করায় বাড়ির সংস্কার বা নির্মাণের সুযোগ হয়নি এতদিন।
২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফল্যে বড় অবদান রেখেছেন ঋতুপর্ণা। গত মাসে তার জোড়া গোলের সুবাদেই মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপের টিকিট নিশ্চিত করে।
সম্প্রতি ভুটান লিগ খেলতে গিয়ে অল্প সময়ের জন্য ঢাকায় ফিরে আসেন ঋতুপর্ণা ও তার সতীর্থ তহুরা খাতুন। প্রথম আলো ক্রীড়া পুরস্কারে ঋতুপর্ণা ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সম্মাননা পান, যেখানে তিনি পিছনে ফেলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন তহুরা খাতুন।





