ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ হকি থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমের দাবি, নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) এশিয়ান হকি ফেডারেশনকে এ সিদ্ধান্ত জানিয়েছে।
আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগিরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকির আসর। এই টুর্নামেন্টটি ২০২৬ হকি বিশ্বকাপেরও বাছাইপর্ব হিসেবে বিবেচিত হবে। ফলে পাকিস্তানের অনুপস্থিতি তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। শুধু এশিয়া কাপ নয়, আগামী জুনিয়র হকি বিশ্বকাপেও পাকিস্তানের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, পিএইচএফ টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে আয়োজকরা সেটি মানেনি। পাকিস্তান সরে দাঁড়ানোয় বিকল্প হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে এশিয়ান হকি ফেডারেশন।
হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, “পাকিস্তান লিখিতভাবে জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা অংশ নিচ্ছে না। এরপর আমরা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি।”
পিএইচএফ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে তারা আগেই জানিয়েছিল, দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।





