বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা, রোগী হয়রানি এবং চিকিৎসা সেবার সংকটের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে। শুক্রবার (আজ) আন্দোলনের ১২তম দিনে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় বেলা সাড়ে ১১টায় সড়ক অবরোধ করে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
অবরোধ চলাকালে মহাসড়কের উপরেই জুমার নামাজ আদায় করেন অংশগ্রহণকারীরা। এ নামাজে আন্দোলনকারী, কনটেন্ট ক্রিয়েটর, যাত্রী এবং স্থানীয় নাগরিকরা অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে একটি শক্তিশালী সিন্ডিকেট চিকিৎসা ব্যবস্থাকে অকার্যকর করে রেখেছে। ফলে সাধারণ মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছে না। ১২ দিন ধরে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো সমাধান বা আলোচনার উদ্যোগ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন ও অবরোধ অব্যাহত থাকবে।
আন্দোলনকারী ছাত্র সাব্বির হোসেন বলেন, “সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসাও পাচ্ছে না। নানা উপায়ে রোগীদের হয়রানি করা হয়, ডাক্তাররা ব্যক্তিগত ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন, হাসপাতালের সরঞ্জাম অকেজো করে রাখা হয় এবং অ্যাম্বুলেন্স সেবা থেকেও বঞ্চিত করা হয়। অথচ সবকিছুই চলে জনগণের টাকায়।”
সংগঠক মহিউদ্দিন রণি বলেন, “শুধু আশ্বাসে কিছু হবে না, স্বাস্থ্য উপদেষ্টাকে নিজে এসে সমস্যা সমাধান করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কারো অবহেলা বরদাশত করা হবে না। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
কর্মসূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি ব্রজমোহন কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার জানান, “নথুল্লাবাদ এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছি।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





