আগৈলঝাড়ায় বিএনপি তিন ভাগে বিভক্ত, ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিতে আলাদা সভার ডাক

Views: 42

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ৫ আগস্ট ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দিবস’ পালনে তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পৃথক সভা ও র‍্যালির আয়োজন করেছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভাজন প্রকট হয়ে উঠেছে। একই কর্মসূচি ঘিরে একাধিক নেতৃত্বে প্রস্তুতি সভা ও ভিন্ন ভিন্ন কর্মসূচি পালনের ঘটনায় কর্মী-সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও হতাশা।

তিনটি পক্ষ ও আলাদা কর্মসূচি:

  • পক্ষ-১: কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুছুর রহমানের নেতৃত্বে ৫ আগস্ট বিকেলে ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সভা ও র‍্যালির আয়োজন।

    • প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন: আফজাল হোসেন শিকদার, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পান্না, মাওলানা আ. রব মিয়া, হেমায়েত উদ্দিন তালুকদার, সালমান হাসান রিপন প্রমুখ।

  • পক্ষ-২: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোহবান’র পক্ষ থেকে সকালে আগৈলঝাড়া বালিকা বিদ্যালয় মাঠে সভা ও র‍্যালির আয়োজন।

    • প্রস্তুতি সভার নেতৃত্বে ছিলেন: ডা. মাহাবুবুল ইসলাম, যুবদল আহ্বায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন ও জেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটন।

  • পক্ষ-৩: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন’র পক্ষ থেকে সকালেই গৌরনদী কলেজ মাঠে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    • প্রস্তুতি সভা করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।

স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আগৈলঝাড়া উপজেলা বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে আলাদা কর্মসূচি পালন করে আসছে। মাঝে মধ্যে কুদ্দুছুর রহমান ও সোহবানপন্থীরা একসঙ্গে কর্মসূচি পালন করলেও জহির উদ্দিন স্বপনের অনুসারীরা সব সময়ই পৃথক কর্মসূচিতে অংশ নেন।

একাধিক কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণের আগ্রহও কমে গেছে। অনেকেই বলেন, “এক নেতার সভায় গেলে অন্য নেতা কী মনে করেন—এই দোটানায় পড়ে থাকি। তাই কেউ কারও সভায় যেতে চায় না।”

উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 4, 2025 | Author: Chandradip News24