ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এর সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়নস দলের। তবে রাজনৈতিক কারণে সেই ম্যাচ আর হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে ভারত, ফলে সেমিফাইনাল না খেলেই ফাইনালে উঠে যাচ্ছে পাকিস্তান।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও টুর্নামেন্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি।
এজবাস্টনে বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত নিজেদের প্রত্যাহার করায় পাকিস্তান সরাসরি ফাইনালে উঠেছে। শিরোপা লড়াইয়ে তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ীর সঙ্গে।
এই টুর্নামেন্টে ভারতের হয়ে খেলছেন সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং, হরভজন সিং, সুরেশ রায়না, পীযুষ চাওলা, ইউসুফ পাঠান এবং রবিন উথাপ্পা। দলটি গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষেও খেলতে অস্বীকৃতি জানায়। তখন উভয় দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়।
পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান তালিকার শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে। অন্যদিকে, ভারত মাত্র ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে শেষ চারে জায়গা করে নেয়।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে এক যুগের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক কোনো ক্রিকেট সিরিজ খেলেনি দুই দেশ। যদিও আইসিসি বা এসিসির টুর্নামেন্টে নিয়মিত মুখোমুখি হয় তারা। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। এমনকি দুই দেশ যুদ্ধেও জড়িয়ে পড়ে।
এই প্রেক্ষাপটে, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি না হওয়ায়, রাজনৈতিক টানাপোড়েন আবারও ক্রিকেটে প্রভাব ফেলল।
আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ছেলেদের এশিয়া কাপে আবারও মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। পাশাপাশি, ৬ অক্টোবর কলম্বোতে নারীদের ওয়ানডে বিশ্বকাপে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।





