হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
বৈঠকে ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ, সেই ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ এবং জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ অনুসন্ধান পরিচালনার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ওই সময়ের ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহারের অগ্রগতিও আলোচনায় উঠে আসে।
বৈঠকে হেফাজতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
- মাওলানা খুলিল আহমেদ কুরাইশী
- মাওলানা সাজেদুর রহমান
- মুফতি জসিম উদ্দিন
- মাওলানা মাহফুজুল হক
- মাওলানা মহিউদ্দীন রব্বানী
- মাওলানা মামুনুল হক
- মাওলানা আহমদ আলী কাসেমী
- মুফতি মনির হোসাইন কাসেমী
- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
- মুফতি বশির উল্লাহ
- মুফতি কেফায়তুল্লাহ আজহারী
সরকারি পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
বৈঠকে সব পক্ষই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের জটিল বিষয়গুলোর সমাধানে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দেন।





